ক্যালেন্ডারের পাতায় আর মাত্র আট দিন, তারপরই পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আট দলের আসন্ন এই টুর্নামেন্টকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কারা কারা খেলবে সেমিফাইনাল, কারাই বা খেলবে ফাইনালে তা নিয়েও চলছে পর্যালোচনা।
ভবিষ্যদ্বাণী করছেন সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষকরা। যাদের একজন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ। ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসরের দুই ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন তিনিও।
শ্রীলঙ্কান ক্রিকেটের এই কিংবদন্তি মনে করেন, ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’
অন্যান্য কিংবদন্তিদের মাঝে সুনীল গাভাস্কার এগিয়ে রাখছেন নিজের দেশ ভারতকে। রবি শাস্ত্রী পাকিস্তানকে দেখছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। রিকি পন্টিং ২০২৩ বিশ্বকাপের মতোই ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালের পক্ষে বাজি ধরেছেন। আর মুরালিধরন বেছে নিয়েছেন ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই।
আর তাইই যদি হয় তবে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে পরপর একই ফাইনাল লাইনআপ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল ভারত ও পাকিস্তান। ইংল্যান্ড ও ওয়েলশে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
Leave a Reply