কখনো কি মনে হয়, ঘুম থেকে উঠার আগেই সুন্দর সকালের সমাপ্তি ঘটে? নাকি ঘুম থেকে উঠার পর সুন্দর সকালের শুরু হয়। সকাল সুন্দরভাবে শুরু হবে কিনা সেটি নির্ভর করে মূলত আপনার ওপর। সারাদিন আপনি কতটা সক্রিয় থাকবেন, কতটা শক্তিশালী ও খুশি থাকবেন, এসব হচ্ছে প্রথম ধাপ।
সকালে যদি সবকিছু ইতিবাচকভাবে শুরু করতে পারেন, তাহলে পুরো দিনটি আপনার সুন্দর কাটবে। এ জন্য ঘুম থেকে উঠার আগেই কিছু বিষয় নির্দিষ্ট করে রাখতে হয়। যা সকাল থেকে শুরু করলে দিনটি আপনাআপনিই ভালো যাবে আপনার। এ সংক্রান্ত কয়েকটি উপায় জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
প্রাণবন্ত থাকতে সকাল সকাল ঘুম থেকে উঠা: প্রাণবন্ত থাকতে চাইলে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠাকে সফল ব্যক্তিদের রহস্য বলা হয়ে থাকে। এতে দেখা যায়, চারপাশ জেগে উঠার আগে কিছু শান্ত সময় উপভোগ করার সুযোগ পায় আপনার মস্তিষ্ক। এই নীরব সময়ে দিনের পরিকল্পনা করতে পারেন।
প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নিজের যত্ন: সকালে ঘুম থেকে উঠার পর নিজের যত্ন নেয়া গুরুত্বপূর্ণ। এ জন্য শুরুতে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিন। সম্ভব হলে গোসলও করে নিতে পারেন। এতে সতেজ অনুভব হবে। সকালের আত্মযত্ন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করতে পারে। এমনকি মানসিকভাবেও দারুণ অনুভব হবে আপনার।
ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা: দিন শুরুর মুহূর্তগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত। এই শান্তি চাইলে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া, ই-মেইল এসবে প্রবেশ করা যাবে না। সকালে ঘুম থেকে উঠার পর অন্তত ৩০ থেকে এক ঘণ্টা ফোন ছাড়া থাকার অভ্যাস করুন। ডিজিটাল ডিভাইসে ডুবে যাওয়ার আগে বাস্তব বিশ্বে নিজের লক্ষ্য ও ফোকাস নিয়ে একটু ভাবুন।
দিনের গুরুত্বপূর্ণ তিনটি কাজ লেখা: দিনের শুরুতে সারাদিনের পরিকল্পনা করতে পারলে সেটি উত্তম। এর মধ্যে সারাদিনে খুব জরুরি বা গুরুত্বপূর্ণ কাজ করবেন, এমন তিনটি কাজ নোট করে রাখুন। যা আপনি সম্পন্ন করতে চান। এটি আপনাকে মনোযোগী ও উৎপাদনশীল রাখবে। একইসঙ্গে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
কঠিন কাজটি সামলানো: চ্যালেঞ্জিং বা কঠিন কাজটি নিয়েই আমাদের দুশ্চিন্তা থাকে বেশি। এ জন্য যে কাজটি আপনার সবচেয়ে বেশি কঠিন, সেটি দিনের শুরুতেই শেষ করার চেষ্টা করুন। এতে স্বস্তি ও কৃতিত্ব দুটিই অনুভব হবে। যা দিনের বাকি অংশ সফলতা বা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
Leave a Reply