গাজীপুর মহানগরের পূবাইলে অটোরিকশা ও নম্বরবিহীন লেগুনা পরিবহনের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত অপর দুই শিক্ষার্থীসহ গুরুতর আহত হয়েছেন লেগুনা ও অটোরিকশা চালক।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার টঙ্গী- কালীগঞ্জ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। ওই সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
নিহত ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের নারায়ণকুল জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল এন্ড কলেজের ছাত্র। ৩ জনই এবার এইচএসসি পরীক্ষার্থী।
নিহত মেহরাব (১৭) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপলিয়া গ্রামের মহিবুল্লার ছেলে। বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।এক ভাই এক বোনের মধ্যে সে বড়। আহত সহপাঠি আমিনুল ইসলাম (১৭) কালীগঞ্জ থানার পিপলিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে, ঋত্বিক সাহা(১৯) পূবাইল ৪১ ওয়ার্ডের ছিকুলিয়া এলাকার বিজয় সাহার ছেলে। আহত লেগুনা চালক হাফিজুল নরসিংদী জেলার পলাশ থানার মতিরচর গ্রামের আসলামের ছেলে, অপর আহত অটো চালকের পরিচয় মেলেনি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পুবাইল জাপান ইন্টারন্যাশনাল কলেজের ছাত্ররা কলেজ ছুটির পর একটি ব্যাটারি চালিত অটো নিয়ে টঙ্গী কালীগঞ্জ রোডে উঠার সময় কালীগঞ্জ থেকে দ্রুত গামী স্থানীয় মিরের বাজারের বাসিন্দা জনৈক কাজলের নিয়ন্ত্রণাধীন চালক হাফিজুল ইসলাম (৫০) নম্বর বিহীন লেগুনাটি দ্রুতগতিতে চালিয়ে আসার সময় স্কুল শিক্ষার্থীদের বহন করা অটোরিকশাটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালকসহ ৫ জন। দুই শিক্ষার্থীকে স্থানীয় করমতলা খৃষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অপর শিক্ষার্থী মেহরাবকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেহরাবকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা জানান, আমার একমাত্র ছেলে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিলো, সেই স্বপ্ন কেড়ে নিলো লেগুনা পরিবহন। আমি এঘটনার বিচার চাই।
জাপান ইন্টারন্যাশনাল কলেজের অধ্যাপক রবিউল ইসলাম জানান, নিহত মেহরাব কলেজের মেধাবী ছাত্র ছিলো, সড়ক দূর্ঘটনায় তাকে হারিয়ে আমরা শোকাহত। এঘটনায় লেগুনা ও চালক আটক আছে। একটি দরিদ্র পরিবারের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেলো। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
পূবাইল থানার অফিসার ইন চার্জ কামরুজ্জামান জানান অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে। অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply