সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৮ বার

নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে নওগাঁয় আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় সরকারি নির্দেশনা মোতাবেক, জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে গতকাল রোববার জেলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বন্ধ ছিল না শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে।
নওগাঁ জেলার আবহাওয়া অফিসের সূত্রমতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। বিধায় সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চলমান শৈত্য প্রবাহের আবহাওয়া পূর্বাভাসের ফলাফল দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। রোববার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে দেরিতে আবহাওয়া পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি। যেহেতু শীতের তীব্রতা বাড়ছে তাই পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি স্কুলের প্রত্যেকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পেলে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে।
নওগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, চলমান শৈত্য প্রবাহে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে সোমবার তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জেলার সকল সরকারি-বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেওয়া হবে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ রকম তাপমাত্রা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories