ভালোবাসার কবি, প্রতিবাদের কবি, মানবতার কবি পাবলো নেরুদা। তার কবিতার মধ্যে ফুটে উঠেছে তার ভালোবাসা, তার আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-আবেগ, তার আনন্দ, বেদনা, ক্রোধ, হতাশা আর সকলকে ছাপিয়ে তার তীব্র প্রতিবাদ। নেরুদার আসল নাম নেফতালি রিকার্দো রেয়েজ বোসোয়ালতো। কিশোর বয়সে যখন নেরুদা সাহিত্য জীবনের সূত্রপাত হয়, সেই সময় চেকোশ্লোভাকিয়ায় ইয়ান নেরুদা বলে একজন বিখ্যাত লেখক ছিলেন। তার নামে ছদ্মনাম গ্রহণ করে নিজের নাম রাখেন পারলো নেরুদা।
নেরুদার জন্ম চিলিতে ১২ জুলাই ১৯০৪ সালে। দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে স্বাধীন দেশ চিলি। ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী মানুষ আর স্থানীয় উপজাতিরাই গড়ে তুলেছে এই দেশ। এখানে মিশ্র-ভাষা গড়ে উঠলেও সাহিত্যের ভাষা স্প্যানিশ। নেরুদার বাবা ছিলেন সামান্য কিছু জমির মালিক, মা একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। নেরুদার জন্মের এক মাস পরেই মা টিবি রোগে মারা যান। বাবা আবার বিয়ে করলেন। নিজের মা না হলেও সৎ মা নেরুদাকে ভালোবাসতেন নিজের সন্তানের মতো। নিজের সন্তানের সাথে কোনদিন বিভেদ করেননি সৎ মা। নেরুদার বয়স তখন দু’বছর। দক্ষিণ চিলির সীমান্ত অঞ্চলে জঙ্গল কেটে নতুন বসতি গড়ে উঠেছে। সংসারের আর্থিক অনটনের জন্য নেরুদার বাবা স্থির করলেন আরাউকো প্রদেশের সেই অরণ্য অঞ্চরে বসবাস করবেন। সেখানে রেললাইন সংলগ্ন কাজ, রাস্তা তৈরির ঠিকাদারির কাজ নিলেন। এ এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। চারদিকে ঘন সবুজ অরণ্য। কোন ধর্মীয়, সামাজিক নিয়ম-কানুনের বেড়াজাল নেই। মুক্ত অরণ্যের মতোই মানুষের বেড়ে ওঠে। অরণ্যের নিত্য সঙ্গী হয়ে সারা বছর ঝরে পড়ে অবিশ্রান্ত বৃষ্টি। শিশু নেরুদার জীবনে এই বৃষ্টি আর অরণ্য গভীর প্রভাব ফেলেছিল। সকলের অজান্তেই তার মধ্যে জেগে উঠেছিল এক কবি স্বত্তা।
যখন তার বয়স মাত্র দশ। তখনই শুরু হয়ে তার কবিতা লেখা। শিশুমনের কল্পনায় যে ভাবে জেগে ওঠে তাই লিখে ফেলেন। স্কুলে নিয়মিত পড়াশুনা সাথে সাথে বাইরের বই পড়ার নেশা জেগে ওঠে। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ছেলেবেলায় আমি ছিলাম ঠিক যেন উটপাখি। কোনো কিছু বাছবিচার না করেই আমি যা পেতাম তাই পড়ে ফেলতাম। তেমুকোর পরিবেশ সাহিত্য-সংস্কৃতি অনুকূল ছিল না। নেরুদার পিতার ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে যেন সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে এক অগ্রণী পুরুষ হয়ে ওঠে। তাই ষোল বছর বয়সে নেরুদাকে পাঠিয়ে দেওয়া হল শান্তিয়াগোতে। সেই সময় কিশোর কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নেরুদা। তার সাহিত্য জীবনে স্থানীয় মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা গ্যাব্রিয়েল মিস্ত্রালের ভূমিকা বিরাট। মিস্ত্রাল শুধু চিলির নন, বিশ্বসাহিত্যের এক শ্রেষ্ঠ মহিলা কবি। তার অসামান্য সৃষ্টির জন্য নোবেল পুরস্কার পান। মিস্ত্রাল নেরুদার মধ্যে একজন শ্রেষ্ঠ কবির সম্ভাবনাকে খুঁজে পেয়েছিলেন। তিনি শুধু তাকে উৎসাহিত করতেন তাই নয়, নিয়মিত তার কবিতা সংশোধন করে দিতেন। ১৯২১ সালে স্কুলের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেরুদা এলেন সান্তিয়োগোতে। চিলির অন্যতম প্রধান শহর। সাহিত্য-সংস্কৃতির কেন্দ্রস্থল। এখানে এসে ফরাসী ভাষা শিখতে আরম্ভ করলেন। কলেজে ভর্তি হলেন কিন্তু পড়াশুনায় তেমন মন নেই। কেমন ছন্নছাড়া ভাব। অল্পদিনের মধ্যেই কয়েকজন তরুণ কবির সাথে পরিচিত হলেন। তার কবিতা তখন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হতে শুরু করেছে। এই সময়ই তিনি পিতৃ নাম পরিত্যাগ করে ‘পাবলো নেরুদা’- এ ছদ্মনাম গ্রহণ করেন। কবি হিসেবে যখন সাহিত্যরসিকদের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হচ্ছে, নেরুদার জীবনে এল এক সুন্দরী তরুণী আলবার্তিনা। দীর্ঘ দিন তার পরিচয় গোপন রেখেছিলেন নেরুদা। প্রথম প্রেমের মুকুল বিকশিত হয়নি। অল্পদিনের মধ্যে দু’জনের সম্পর্কে ভাঙন ধরল। জীবন থেকে হারিয়ে গেলেও আলবার্তিনাকে কবি অমর করে রেখেছেন তার অসাধারণ সব প্রেমের কবিতায়। এই কবিতাগুলো নিয়ে ১৯৪২ সালে কুড়ি বছর বয়সে প্রকাশিত হল ‘টুয়েন্টি লাভ পয়েমস’। এর আগে আর একটি কবিতার বই প্রকাশ করেছিলেন ‘টুইলাইট বুক’। সেই বইটি তেমন কোনো সাড়া জাগাতে পারেনি। ‘টুয়েন্টি লাভ পয়েমস’ বইটি প্রকাশিত হতেই চারদিকে আলোড়ন পড়ে গেল। প্রচলিত ধারাকে অনুসরণ করলেও এর আঙ্গিক, ভাব, ভাষায় নিয়ে এলেন পরিবর্তন। আনন্দ-বেদনার সুরে মূর্চ্ছনা এতে এমনভাবে পরিস্ফুট হয়েছে যা সহজেই পাটকের অন্তরকে স্পর্শ করে । কবি হিসেবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। ১৯২৬ সালে প্রকাশিত হল দুটি রচনা। এক বন্ধুর সাথে যৌথভাবে একটি ছোট উপন্যাস আর একটি কবিতার বই ‘ভেনচার অব ইনফিনিট ম্যান’র প্রতিটি কবিতায় প্রচলিত সমস্ত প্রথা ভেঙে নিয়ে এলেন নতুন আঙ্গিক, ছন্দ। মানব চরিত্রের এক অস্তিতা, নিঃসঙ্গতাই এখানে যেন প্রকট হয়ে উঠেছে।
ছেলে পড়াশুনা বন্ধ করে কবিতা লিখছে এই ব্যাপারটি ভালো লাগলে না নেরুদার বাবার। তিনি সমস্ত মাসোহারা বন্ধ করে দিলেন। মহা ভাবনায় পড়ে গেলেন নেরুদা। তিনটি বই বের হলেও তার থেকে সামান্যই অর্থ পেয়েছেন। অর্থ ছাড়া কেমন করে নিজের খরচ মেটাবেন। পিতার কাছে হাত পাততে মন সায় দিল না। শুধু চাকরির চেষ্টা। কয়েক মাস চেষ্টা করেও কোথাও চাকরি পেলেন না। সেই সময় চিলির বিদেশ দপ্তর থেকে রেঙ্গুন অফিসে পাঠাবার জন্যে লোকের খোঁজ করা হচ্ছিল। কোনো লোকই কয়েক হাজার মাইল দূরে বার্মার রেঙ্গুনে আসতে রাজি হচ্ছিল না। রেঙ্গুন তখন ব্রিটিশ অধিনস্ত বার্মার রাজধানী। এখানে পরিচিত কোনো মানুষ নেই। স্থানীয় মানুষের কেউ স্প্যানিশ ভাষা জানেন না। অফিসের দু-চারজন যেটুকু ভাঙা ভাঙা স্প্যানিশ জানে তাতেই কোনো রকমে কথাবার্তা চালান। অসহনীয় পরিবেশ, কথা বলবার লোক নেই, তার ওপর সব মাসে ঠিক মতো মাইনে পান না, তবু রেঙ্গুনে রয়ে গেলেন। এই নির্জন প্রবাসে তার একমাত্র সঙ্গী কবিতা।
ছেলেবেলাতে দেখা তেমুকোর অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। সেই বনভূমি নির্জন প্রকৃতি আর নেই, সেখানে গড়ে উঠেছে শহর, কত অসংখ্য মানুষের আবাসস্থল। এখানকার মানুষের সাথে বহুদিন কোনো যোগাযোগ নেই। নিজেকে যেন পরবাসী বলে মনে হয়। মাঝে মাঝে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। অরণ্য মুক্ত প্রান্তর তাকে যেন হাতছানী দিয়ে ডাকে। সংসারে মারিয়ার সাথে অশান্তি বেড়ে চলে। দু’জনেই বুঝতে পারেন এই ভাবে আর একসাথে থাকা সম্ভব নয়। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। এই মানসিক উদ্বেলতার মধ্যেই তিনি প্রকাশ করেন তার ‘রেসিডেন্স অন আর্থ’। এই পর্যায়ের সমস্ত কবিতাই লিখেছিলেন দূর প্রাচ্যে থাকাকালীন। ‘রেসিডেন্স অন আর্থ’ প্রকাশের সাথে সাথে চারদিক থেকে অভিনন্দন আসতে থাকে। সেই সূত্রেই একদিন পরিচয় হল আর্জেন্টিনার তরুণী চিত্রশিল্পী দলিয়ার সাথে। দু’জনেই দু’জনের ব্যক্তিত্বে মুগ্ধ হলেন। অল্পদিনের মধ্যেই বিবাহসূত্রে আবদ্ধ হয়েছে তারা।
কবি হিসেবে খ্যাতি পেলেও আশানুরূপ অর্থ পেলেন না। নিতান্ত প্রয়োজনেই আবার বিদেশ দপ্তরে চাকরি নিলেন নেরুদা। এবার স্পেন। ১৯৩৪ সালে চিলির কন্সাল হয়ে এলেন স্পেনের বার্সিলোনায়। স্পেনের মানুষের মধ্যে নিজেকে খুঁজে পেলেন তিনি। এখানকার মানুষের মুখের ভাষাই তার সাহিত্যের ভাষা। অল্পদিনের মধ্যেই তরুণ কবিদের সাথে পরিচয় হল। শুধু কবিতাই নয়, স্পেনের বুদ্ধিজীবীরাও স্বাগত জানাল এই তরুণ কবিকে। স্পেনের সমকালীন রাজনীতি, গণমুখী সাহিত্য গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল নেরুদাকে। তারই ফলশ্রুতি ‘রেসিডেন্স অন আর্থ’র দ্বিতীয় পর্ব। সমস্ত স্পেনের সাহিত্য জগতে আলোড়ন ওঠে। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে প্রতিষ্ঠা পেলেন নেরুদা। প্রথমে বার্সিলোনা তারপর মাদ্রিদে এলেন। মাদ্রিদ সেই সময় স্পেনের কবি শিল্পী সাহিত্যিক নাট্যকারদের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। এদের অনেকের সাথেই বন্ধুত্ব গড়ে উঠেছিল নেরুদার। স্পেনের ভাগ্যকাশে তখন আর্বিভাব ঘটেছে স্বৈরাচারী শাসক ফ্রাংকোর। অল্পদিনের মধ্যেই দেশ জুড়ে শুরু হল গৃহযুদ্ধ। ফ্রাংকো উত্তর আফ্রিকা আক্রমণ করলেন। চারদিকে প্রতিবাদের ঢেউ উঠল। সমস্ত প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দেবার জন্য শত শত মানুষকে হত্যা করা হল। এদের মধ্যে ছিলেন স্পেনের তরুণ কবি লোরকা। বেদনায় ক্ষোভে ফেটে পড়লেন নেরুদা। তার কবিতা হয়ে উঠল স্পেনের সংগ্রামী মানুষের প্রতিবাদের হাতিয়ার। লোরকার হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি জ্বালাময়ী ভাষায় প্রতিবাদ জানালেন। স্পেনের অধিকাংশ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। নেরুদা গোপনে যোগ দিলেন কমিউনিস্ট পার্টিতে। এই সময় লিখলেন তার বিখ্যাত কবিতা ‘স্পেন ইন মাই হার্ট’ (১৯৩৭)। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হওয়ায় তিনি সরকারের বিরাগভাজন হলেন। তাকে সরকারি কনসালের পদ হারাতে হল। চিলির রাজনৈতিক পরিবেশও আর তার পক্ষে নিরাপদ ছিল না। স্ত্রী দালিয়াও সন্তানসম্ভবা। নেরুদা প্রথম স্পেন ত্যাগ করে এলেন প্যারিসে। তারপর ফিরে এলেন চিলিতে। চিলিতে এসেও রাজনৈতিক আন্দোলনের থেকে নিজেকে নিবৃত করলেন না। জোরালো ভাষায় স্পেনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। দেশে দেশে সংগ্রামী মানুষদের কাছে প্রচার করতে থাকেন তার রচনা। এই সময় তার রচিত কবিতা সংকলন ‘দ্য ফিউরাস অ্যান্ড দ্য পেইনস’ প্রকাশিত হয়। প্রথম যৌবনে তিনি লিখেছিলেন প্রেমের কবিতা, ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন সংগ্রামের কবি।
দু’বছর কর্মহীন জীবনযাপন করবার পর ১৯৪০ সালে কনসাল জেনারেল হিসেবে তাকে পাঠানো হল মেক্সিকোতে। দীর্ঘ তিন বছর তিনি মেক্সিকোতে ছিলেন। এই সময় নিয়মিত সাহিত্যচর্চা করতেন। চিলির রাজনৈতিক জগতের অনেকের সাথেই যোগাযোগ রাখতেন। নেরুদা বিশ্বাস করতেন একমাত্র মার্কসবাদই পারে শোষণ বঞ্চনা থেকে পৃথিবীকে মুক্ত করতে। ১৯৪৫ সালে নেরুদা সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন। সেই সময় চিলির আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। নেরুদা নির্বাচনে দাঁড়ালেন। কমিউনিস্ট পার্টির সমর্থনে সিনেটের সদস্য নির্বাচিত হলেন। এর পরেই তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন এবং আমৃত্যু তিনি এই পার্টির সভ্য ছিলেন। বিশ্বের বহু দেশ পরিভ্রমণকারী কবি ও কূটনীতিবিদ হিসেবে পরিচিত পাবলো নেরুদা প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে ২৩ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
Leave a Reply