দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে খেলতে এসে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ইউরোপের ছোট্ট দেশ ওয়েলস। চলমান কাতার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করল তারা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র করে যুক্তরাষ্ট্র ও ওয়েলস।১৯৫৮ সালের বিশ্বকাপের পর কাতার বিশ্বকাপে আবারও মুখোমুখি হয়েছে দুই দল। তবে প্রত্যাবর্তনটা সুখকর হলো না। ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলাররা ছড়ি ঘোরাতে থাকে ওয়েলসের ডিফেন্সের ওপর। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পেতো যুক্তরাষ্ট্র। সার্জেন্টের শট গোলবারে লেগে ফিরে না এলে শুরুতেই এগিয়ে যেতে পারতো তারা ।
এরপর বেশ কয়েকটা সুযোগ পেলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩২ তম মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে বল পেয়ে চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ।প্রথমার্ধের শেষে যুক্তরাষ্ট্র আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র।প্রথমাধে আক্রমণে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও বিরতির পর পাল্টা আক্রমণ শুরু করে ওয়েলস। মাঝমাঠ দখলে নিয়ে মুহুর্মুহু আক্রমণ করে গ্যারাথ বেলের দল। ৮২ মিনিটে অবশেষে ব্রেক থ্রু পায় ওয়েলস।ম্যাচের ৮২তম মিনিটে ডি বক্সের ভেতর গ্যারাথ বেলকে ফাউল করে বসেন জিমারমান। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলটি করেন গ্যারাথ বেল। শেষ দিকে আরও কিছু সুযোগ তৈরি করেছিল ওয়েলস। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলের সমতায় থেকে পয়েন্ট ভাগাভাগি করেই খেলা শেষ করে দুদল।
Leave a Reply