দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস নামের বিরল রোগে আক্রান্ত তিনি। এই রোগ মূলত শরীরিক সুস্থতাকে শত্রু মনে করে থাকে। এ কারণে সুস্থ ও সবল কোষগুলোকে আক্রমণ করে। ফলে শরীরে ক্লান্তিভাব আসে ও পেশিতে প্রচণ্ড ব্যথার শুরু হয়।শনিবার (২৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা। ছবিতে তার হাতের আঙুলে তৈরি একটি ‘লাভ সাইন’ দেখা গেছে। এছাড়াও বাম হাতে নল লাগানো দেখা গেছে।
সামান্থা অভিনীত ‘যশোধা’ সিনেমার ট্রেলার কদিন আগেই প্রকাশ হয়েছে। শনিবার ট্রেলার দেখার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি। তারপরই তার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন।নায়িকা লেখেন, “আপনারা অনেকেই পুরোপুরি সুস্থ হওয়ার বিষয়টি জানতে চেয়েছিলেন। সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে এই কঠিন সময়ও শেষ হবে।”তিনি আরও লিখেছেন, “ আমি শারীরিক ও মানসিকভাবে ভালো-খারাপ সময়ের মধ্যে গিয়েছি। মাঝে মাঝে মনে হয় এভাবে আর একদিনও সহ্য করতে পারব না। কিন্তু সময় কোনো না কোনোভাবে কেটে যায়। আমার ধারণা, আমি সুস্থতার কাছাকাছি।”প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন সামান্থা। তবে ‘দ্যা ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়া পরবর্তীতে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা।
Leave a Reply