রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ইউক্রেনের বুচা শহরে মৃত বেসামরিক মানুষের ফুটেজ রাশিয়াকে দোষারোপ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আদেশ’ দিয়েছে। খবর রয়টার্সের।
রোববার (৩ এপ্রিল) গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, উস্কানির প্রভু কারা? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো।
জাখারোভা বলেন, মৃত বেসামরিক নাগরিকদের ছবি নিয়ে তাৎক্ষণিক পশ্চিমা আক্রোশ ইঙ্গিত দেয় যে এটি রাশিয়ার সুনাম নষ্ট করার পরিকল্পনার অংশ ছিল।
তিনি আরও বলেন, এক্ষেত্রে, আমার কাছে মনে হচ্ছে যে, রাশিয়া সম্পর্কে এই বিবৃতিগুলো এই ম্যাটেরিয়ালগুলো উপস্থিত হওয়ার প্রথম মিনিটে তৈরি করা হয়েছিল। আর এগুলো ‘অর্ডার’ করা হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই।
ইউক্রেনের কর্তৃপক্ষ রোববার জানায়, তারা রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করছে। রাজধানী কিয়েভের বাইরের শহরগুলোর চারপাশে ছড়িয়ে থাকা মরদেহ পাওয়ার পর ইউক্রেনের কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। এসব মরদেহের কোনো কোনোটির হাত-পা বাঁধা এবং কাউকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।
কিন্তু রাশিয়ার কর্তৃপক্ষ বলেছে যে, বুচা থেকে সম্প্রচারিত ছবি এবং ফুটেজ মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি আলোচনাকে ব্যাহত করার জন্য একটি ‘উস্কানি’। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই ছবিগুলো ‘কিয়েভের সাজানো আরেকটি পারফরম্যান্স।
Leave a Reply