টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়।
আহত নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসক নূরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে ওই অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply