সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

টঙ্গীতে শ্রমিক নির্যাতনকে কেন্দ্র করে পুলিশ শ্রমিক সংঘর্ষ, আহত-১০

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৬ বার

গাজীপুরের টঙ্গী একটি পোশাক কারখানার শ্রমিক নির্যানকে কেন্দ্র করে বিক্ষোভ ও কর্ম-বিরতির এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারী সকালে টিভোলী কারখানার পিএম লুৎফর রহমান ফিনিশিং সেকশনের শ্রমিক রিপাকে মাথায় ধাক্কা মারে এবং লাথি দিয়ে কারখানা থেকে বের করে দেয়ার হুমকি দেয়। বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে ওইদিন দুপুরে উক্ত ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে শ্রমিকরা উৎপাদন কাজ বন্ধ করে তাদের ১২ দফা দাবি মালিক পক্ষের নিকট পেশ করেন। পরে এ নিয়ে একাধিকবার আলোচনা হলেও বিষয়টির সমাধান ছাড়াই শ্রমিকরা বিকেলে যে যার বাসায় চলে যান।

গত রোববার শ্রমিকরা উৎপাদন কাজে অংশগ্রহণ না করে যে যার জায়গায় বসে থাকেন। পরে বিষয়টি সমাধানের লক্ষ্যে পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে একটি লিখিত সিদ্ধান্ত শ্রমিকদের নিকট উপস্থাপন করলে শ্রমিকরা তা মেনে নেয়। একই ঘটনায় সোমবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে তাদের দাবির বিষয়ে কারখানার চেয়ারম্যানের সাথে কথা বলতে চাইলেও তা সম্ভব না হওয়ায় কাজ বন্ধ রাখেন শ্রমিকরা এবং বিকেলে বাসায় চলে যান। সোমবার রাতেই কারখানা মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মতে (নো ওয়ার্ক, নো-পে) অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৮টায় শ্রমিকারা কারখানায় এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।

এসময় কারখানার সামনে নিয়োজিত পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে সরিয়ে দেয়। পরে টিভোলী’র শ্রমিকরা তাদের দাবি আদায় ও আন্দোলন জোরালো করার জন্য আশেপাশের একাধিক কারখানার শ্রমিকদের নামানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে কারখানাগুলোর মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের তাৎক্ষণিক ছুটি দিয়ে দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ২/৩ টি কারখানার গ্লাস ভেঙ্গে দেয় ও একজন পুলিশ সদস্যের একটি মোবাইল ছিনিয়ে নেয় শ্রমিকরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট, ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ, শ্রমিক ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে গুরুতর আহত ও গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুলিবিদ্ধরা হলো, টিভোলী কারখানার শ্রমিক মনিরুল ইসলাম (২৪), রেডিসন-১ এর শ্রমিক সখিনা আক্তার (১৮), জিয়া (২৫) ও তাসলিমা (২৬)। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে টিভলী এ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, টিভোলী এপারেলসের শ্রমিকরা উত্তেজিত হয়ে আশপাশের কারখানাগুলোতে ভাঙচুর চালায়। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories