রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

রুমিন ফারহানা -ওসি মুঞ্জুর বাগ্‌বিতণ্ডা: থানায় পুলিশের জিডি, তৈরি হচ্ছে উপস্থিত ব্যক্তিদের তালিকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সময় সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় জিডিটি করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর।
জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার সময় থানায় আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। ওই সময় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান। সেখানে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরেই সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি সংসদ সদস্য নিরাপত্তা চেয়েও পাননি বলে দাবি করেছেন তাঁরা।
বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতেই তিনি থানায় গিয়েছিলেন। অভিযোগের তারিখ ও বিবরণ উল্লেখ করে দুই পাতার একটি তালিকাও সঙ্গে নিয়েছিলেন। তবে ওসি কোনো মন্তব্য করেননি এবং অভিযোগগুলোর যথাযথ জবাব দিতে পারেননি বলে দাবি করেন তিনি।
এদিকে, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। তিনি বলেন, এ বিষয়ে প্রক্রিয়া চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories