রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শনের সঙ্গে নাগরিকদের পরিচয় করিয়ে দেওয়া এবং ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা হেরিটেজ রান।
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবের অংশ হিসেবে শনিবার সকালে এ আয়োজন করা হয়।
সকাল ৭টায় মতিঝিল শাপলা চত্বর থেকে হেরিটেজ রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
হেরিটেজ রানে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, রমনা, শাহবাগ মোড়, কাটাবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা, শহীদনগর মোড় হয়ে সোয়ারিঘাট লঞ্চঘাটে গিয়ে রানের সমাপ্তি হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। ঢাকার ঐতিহ্যকে ধারণ করে ডিএসসিসি যে উদ্যোগ নিয়েছে, এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য আরও পরিচিত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, আমার মূল উদ্দেশ্য ছিল-আমার শহর ঢাকা, যাকে নিয়ে আমার গর্ব করা উচিত। আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাংগাচোরা, কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত-এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজেদের দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
প্রথমবারের মতো আয়োজিত এ হেরিটেজ রানে কিছু ভুলত্রুটি থাকতে পারে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পরবর্তী সময়ে সেগুলো সংশোধন করে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
আব্দুস সালাম বলেন, আমার দায়িত্ব আমি পালন করব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে এই ঢাকা শহর আরও সুন্দর হয়ে উঠবে। আসুন, দেখি-এটাই আমার ঢাকা শহর। এই শহরেই আমাকে থাকতে হবে, তাই শহরটাকে আরও সুন্দর করতে হবে।
হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবের পরবর্তী আয়োজন থাকবে মাসব্যাপী।হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবের অংশ হিসেবে আগামী দিনগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- ১৬-২২ আগস্ট: সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চ নাটকের নাট্যোৎসব।
২১ আগস্ট: খোলামোড়া ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
২১ আগস্ট: সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণ।
২২ আগস্ট: মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন।
২১-৩০ আগস্ট: ঢাকার বিপণিবিতানগুলোতে দ্য গ্রেট ঢাকা সেল’।
২১-৩০ আগস্ট: লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকাকে নিয়ে নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান।
২১-২৮ আগস্ট: শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চ নাটক।
২৩-২৯ আগস্ট: বিটিভিতে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার।
২৪ আগস্ট: উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শন।
২৮ আগস্ট: লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ ঢাকা শোভাযাত্রা।
২৯ আগস্ট: বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
৩০ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১ সেপ্টেম্বর: শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প।
৫ সেপ্টেম্বর: আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।
নাগরিক জীবনের ব্যস্ততার মাঝেও উৎসব, গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।
Leave a Reply