মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ইরানের হামলায় জাহাজটিতে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি হয়। এতে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আর এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানরত কুয়েতি তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলার শিকার হয়েছে। কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে পূর্ণ ছিল। হামলায় জাহাজটির কাঠামোয় ক্ষতি হয় এবং এতে আগুন ধরে যায়।
কেপিসি জানিয়েছে, এই হামলার ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা খতিয়ে দেখা ও বিস্তারিত মূল্যায়নের কাজ চলছে।
এদিকে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পানিসীমায় একটি ড্রোন ও কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার একটি ঘটনা ঘটেছে, তবে এতে কেউ আহত হয়নি। দুবাই মিডিয়া অফিস জানায়, ‘সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পরে তারা জানায়, ট্যাংকারে থাকা ২৪ জন নাবিকের সবাই নিরাপদ রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস জানায়, জরুরি সেবা দল সফলভাবে ‘আল-সালমি’ ট্যাংকারের আগুন নিভিয়েছে। তারা জানায়, সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের বেশি হয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে। এর আগে সোমবারই ২০২২ সালের পর প্রথমবারের মতো মার্কিন তেলের দাম ১০০ ডলার ছাড়ায়।
আল জাজিরা বলছে, এদিন তেলবাহী জাহাজে হামলার এটি দ্বিতীয় ঘটনা ছিল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উত্তর-পশ্চিমে ৩১ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায়, তবে সেখানেও সবাই নিরাপদ ছিলেন।
কুয়েতি ট্যাংকারে হামলার বিষয়টি বিশেষ উদ্বেগের কারণ, কারণ এটি পুরোপুরি তেলে ভর্তি ছিল এবং এতে আগুন ধরে যাওয়ায় তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
Leave a Reply