দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ নিয়ে একদিনে সাতটি ইসরায়েলি ট্যাংকে হামলা চালানোর দাবি করল গোষ্ঠীটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার কানতারা শহরের কাছে ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধ ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায়। এতে সফলভাবে আঘাত হানে ক্ষেপণাস্ত্রগুলো। গোষ্ঠীটি আরও জানিয়েছে, একদিনে তারা ওই এলাকায় মোট সাতটি ট্যাংককে লক্ষ্যবস্তু বানিয়েছে।
তবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে একটি স্থল অভিযান শুরু করেছে বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তাদের সামরিক বাহিনী লিতানি নদীর দক্ষিণের এলাকা নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালাচ্ছে।
এছাড়া ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরানও। দেশটির গণমাধ্যম জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে নতুন করে তেল আবিব ও জেরুজালেম শহরসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন শোনা যাচ্ছে। ওয়াইনেট নিউজ জানিয়েছে, গত দেড় ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বারের মতো সাইরেন বেজেছে।
Leave a Reply