উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়ার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন অনেক সময় পূরণ করা কঠিন হয়ে পড়ে। এমন শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে তুরস্কের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিলকেন্ট ইউনিভার্সিটি। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই বৃত্তির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন
তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত বিলকেন্ট ইউনিভার্সিটি দেশটির প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বব্যাপী পরিচিত। কিউএস ও টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়েও নিয়মিত স্থান করে নেয় প্রতিষ্ঠানটি।
বৃত্তির সুযোগ–সুবিধা
বিলকেন্ট ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ও আংশিক দুই ধরনের স্কলারশিপের সুযোগ রাখে। সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি পেলে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। এ ছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড পাবেন। পাশাপাশি আবাসন সুবিধা, স্বাস্থ্যবিমা, পড়াশোনার জন্য ল্যাপটপ এবং খাবারের খরচের জন্য মিল কার্ড দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপ বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। উচ্চতর গবেষণার ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক পর্যায়ে ৪-এর মধ্যে কমপক্ষে ২.৮০ সিজিপিএ থাকতে হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জিআরই পরীক্ষার কোয়ান্টিটেটিভ অংশে ন্যূনতম ১৫৩ স্কোর প্রয়োজন। ইংরেজি ভাষায় পড়াশোনার জন্য আইইএলটিএসে গড়ে ৬.৫ বা টোয়েফল পরীক্ষায় অন্তত ৮৭ স্কোর থাকতে হবে।
আবেদনের জন্য যা লাগবে
আবেদনকারীদের একটি হালনাগাদ সিভি জমা দিতে হবে। এর সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও সনদের কপি দিতে হবে। এছাড়া কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এবং গবেষণার আগ্রহ কী—তা ব্যাখ্যা করে একটি স্টেটমেন্ট অব পারপাস লিখতে হবে। এ ছাড়া আবেদনকারীর যোগ্যতা মূল্যায়নের জন্য দুইজন শিক্ষক বা পেশাগত সুপারভাইজারের কাছ থেকে দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
বিলকেন্ট ইউনিভার্সিটিতে প্রকৌশল, অ্যাপ্লায়েড টেকনোলজি, ইকোনমিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্সেসসহ বিভিন্ন আধুনিক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আর্ট, ডিজাইন, আর্কিটেকচার এবং মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টসের মতো সৃজনশীল বিষয়েও পড়াশোনা করা যায়।
আবেদনের যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Leave a Reply