ইউক্রেনের নজিরবিহীন হামলায় রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানে ৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ব্রায়ানস্ক অঞ্চলে কামিকাজে ড্রোন হামলায় একটি চিকিৎসা ও প্রসূতি সেবা কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। বুধবার হামলার পরিণতির এ তথ্য তুলে ধরেছে রুশ সংবাদ সংস্থা তাস।
স্মোলেনস্ক অঞ্চলে একটি কোম্পানিতে হামলার ঘটনায় আঞ্চলিক প্রধান ভ্যাসিলি আনোখিন জানান, সেখানে একটি সার কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত ১০ জনকে চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। খারাপ পরিস্থিতির কারণে অঞ্চলের স্কুলগুলোতে চালু করা হয়েছে অনলাইন ক্লাস এবং কিন্ডারগার্টেনের ক্লাস বাতিল করা হয়েছে।
এছাড়া স্মোলেনস্ক আঞ্চলিক কারখানার কাছাকাছি একটি বসতির বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ করছে রুশ সরকার। তদন্ত কমিটি জানায়, হামলায় কারখানার অবকাঠামোর কিছু অংশ, ফায়ার সার্ভিসের একটি ভবন এবং অগ্নিনির্বাপণের জন্য ব্যবহৃত একটি বিশেষ যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, বিস্ফোরকযুক্ত অন্তত ৩০টি ইউএভি দিয়ে চালানো হয় এ হামলা।
এছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে কামিকাজে ড্রোন ব্যবহার করে কুরকোভিচি গ্রামে ইউক্রেন হামলা চালিয়েছে বলে গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন। এতে একটি চিকিৎসা ও প্রসূতি সেবা কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে কাজ করছে অপারেশনাল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।
একই অঞ্চলের ইস্তোপকি গ্রামেও কামিকাজে ড্রোন হামলা চালানো হয়, যেখানে এক স্থানীয় নারী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান বোগোমাজ। হামলায় একটি আবাসিক ভবনেও আগুন ধরে যায়।
Leave a Reply