প্রযুক্তি দুনিয়ায় নতুন পণ্য উন্মোচনের ধরন বদলাতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সাধারণত একক ইভেন্টে বড় ঘোষণা দিলেও এবার ভিন্ন কৌশলে একাধিক ধাপে নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল আগামী ৪ মার্চ “স্পেশাল অ্যাপল এক্সপেরিয়েন্স” নামে একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে। তবে এবার তাদের ঘোষণা একসঙ্গে নয় বরং তিন দিনের ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে প্রকাশ করা হতে পারে। এরপর নিউইয়র্ক, লন্ডন ও সাংহাইয়ে সরাসরি মিডিয়ার জন্য আয়োজন থাকবে, যেখানে সাংবাদিকরা নতুন পণ্য হাতে নিয়ে পরীক্ষা করার সুযোগ পাবেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল অনলাইনে পর্যায়ক্রমে নতুন পণ্য ঘোষণা করতে পারে। তিন দিনের এই ঘোষণার শেষ অংশ হবে ৪ মার্চের লাইভ ইভেন্ট, যেখানে প্রেস ও আমন্ত্রিত অতিথিরা সরাসরি পণ্য ব্যবহার করে দেখার সুযোগ পাবেন। প্রযুক্তি বিশ্লেষকরা একে বলছেন “হ্যান্ডস-অন ডেমো” ভিত্তিক নতুন উপস্থাপনা পদ্ধতি। ডেয়ারিং ফায়ারবলের জন গ্রুবারও ধারণা দিয়েছেন যে, এই আয়োজন মূলত সরাসরি অভিজ্ঞতা নেয়ার সুযোগ দিতে পারে যেখানে পণ্যের কার্যকারিতা ও ফিচার সরাসরি প্রদর্শন করা হবে।
কোন কোন পণ্য আসতে পারে?
সূত্র অনুযায়ী, অন্তত পাঁচটি নতুন পণ্য এই সময় উন্মোচন হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে—
কম দামের ম্যাকবুক
আইফোন ১৭ই
এমফোর চিপসহ নতুন আইপ্যাড এয়ার
নতুন এন্ট্রি-লেভেল আইপ্যাড
আপগ্রেডেড ম্যাকবুক এয়ার ও নতুন ম্যাকবুক প্রো মডেল
প্রতিবেদনে বলা হয়েছে, এসব পণ্য চলতি বসন্তেই বাজারে আসার কথা থাকলেও কোনগুলো ঠিক কখন ঘোষণা করা হবে তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নতুন এই কৌশলের মাধ্যমে অ্যাপল হয়তো পণ্য উন্মোচনের প্রচলিত ধারা বদলে আরও গতিশীল ও অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনার দিকে এগোচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
Leave a Reply