যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা চালায় তাহলে তা হবে “আগুন নিয়ে খেলা” করার মতো এবং এজন্য গুরুতর পরিণতিও ভোগ করতে হতে পারে।
বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যাল–আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় ইরান ও আমেরিকান আলোচনার একদিন পর এমন মন্তব্য করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
ল্যাভরভ বলেন, ‘এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে, যা পারমাণবিক ঝুঁকি তৈরি করেছে। কেউই উত্তেজনা বৃদ্ধি চাইছে না। সবাই জানে যে, এমন কোনো হামলা হলে তা পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলবে।
বির্তক সমাধানের ক্ষেত্রে সব বিষয় বিবেচনা ও সংযম থাকা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবসহ আরব ও উপসাগরীয় দেশগুলোও উত্তেজনা বাড়িয়ে তুলতে চায় না। তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের অধিকার রক্ষা করতে চায়।
Leave a Reply