প্রযুক্তি সেবা আরও সরলীকরণের অংশ হিসেবেমেটা প্ল্যাটফর্মস ঘোষণা দিয়েছে, আগামী এপ্রিল ২০২৬ থেকে আলাদা ওয়েবসাইট মেসেঞ্জার ডটকম আর চালু থাকবে না। অর্থাৎ ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দেয়। এবার ওয়েব সংস্করণও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হলো।
মেটার জানিয়েছে, চলতি বছরের এপ্রিল ৬ থেকে মেসেঞ্জারডটকমে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে facebook.com/messages ঠিকানায় চলে যাবেন। অর্থাৎ ওয়েবে বার্তা আদান–প্রদানের জন্য এখন থেকে মূল ফেসবুক সাইট ব্যবহার করতে হবে। তবে সুখবর হলো, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে মেসেঞ্জার স্বাভাবিকভাবেই চলবে। মোবাইল ব্যবহারকারীদের জন্য কোনও পরিবর্তন আসছে না।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন তারা, যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া শুধু মেসেঞ্জারডটকমে ব্যবহার করতেন। ওয়েব সংস্করণ বন্ধ হয়ে গেলে অনলাইনে বার্তা দেখতে ও পরিচালনা করতে ফেসবুকে লগইন বাধ্যতামূলক হবে।ছোট ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণের মাধ্যমে চ্যাট করতে অভ্যস্ত হতে হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে ফেসবুক আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করে। ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান–প্রদানের মাধ্যমে পরিণত হয়। বর্তমানে এটি হোয়াটসঅ্যাপ–এর মতো অন্যান্য বার্তা সেবার সঙ্গে প্রতিযোগিতা করছে, যেটিও মেটার মালিকানাধীন। গত বছরের ডিসেম্বরেই উইন্ডোজ ও ম্যাকের জন্য স্বতন্ত্র মেসেঞ্জার অ্যাপ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ফলে এবার ওয়েব সংস্করণ বন্ধের সিদ্ধান্তকে বৃহত্তর একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
যারা ডেস্কটপে মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের ফেসবুকের লগইন তথ্য প্রস্তুত রাখতে হবে। কারণ পরিবর্তন কার্যকর হলে ওয়েবে চ্যাট করতে হলে ফেসবুকেই প্রবেশ করতে হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ কথোপকথন থাকলে আগেভাগে সংরক্ষণ করে রাখাও বুদ্ধিমানের কাজ হতে পারে।
Leave a Reply