রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

৪৬ বছর পর পূর্ণ মন্ত্রী পেল রাজশাহী সদর, নগরজুড়ে আনন্দের বন্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার

দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী সদর (রাজশাহী-২) আসন থেকে পূর্ণ মন্ত্রী পেয়েছেন নগরবাসী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। তাকে গুরুত্বপূর্ণ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটি পিআইডির উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। মিজানুর রহমান মিনু যখন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন সমবেত জনতা উল্লাসে ফেটে পড়ে। শপথ গ্রহণের পর পরই সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর ও নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করেন ভক্ত ও অনুসারীরা।
রাজশাহী সদর আসনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এই আসন থেকে এমরান আলী সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হয়েছিলেন। এরপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় পার হলেও সদর আসন থেকে কেউ পূর্ণ মন্ত্রী হতে পারেননি। যদিও রাজশাহী জেলার অন্যান্য আসন থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের এ এইচ এম কামারুজ্জামান, বিএনপির এমরান আলী সরকার, জাতীয় পার্টির সরদার আমজাদ হোসেন (রাজশাহী–৪) আসন থেকে ও রাজশাহী–১ আসন থেকে ব্যারিস্টার আমিনুল হক বিএনপি দলীয় মন্ত্রী হয়েছিলেন। রাজশাহী-৬ আসন থেকে শাহরিয়ার আলম (পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ সরকার) সরকারে প্রতিনিধিত্ব করেছেন, তবে খোদ মহানগরবাসী পূর্ণ মন্ত্রিত্ব থেকে বঞ্চিত ছিল।
মিজানুর রহমান মিনু রাজশাহীর রাজনীতির এক পরিচিত মুখ। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এবং ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেবার তিনি সারা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এবার তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories