কন্নড় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। প্রবীণ নির্মাতা, অভিনেতা ও গীতিকার জো সাইমন আর নেই। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শিল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (কেএফসিসি)-এর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন জো সাইমন। বৈঠকে তিনি স্বাভাবিকভাবেই আলোচনা করছিলেন। কিন্তু বৈঠক শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠক শেষে বেরিয়ে একজন সহকারীর চেয়ারে বসার পর আচমকা মাটিতে লুটিয়ে পড়েন জো সাইমন। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি ছিল কার্ডিয়াক অ্যারেস্ট
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে কন্নড় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জো সাইমন। তিনি শুধু পরিচালকই নন, অভিনেতা ও গীতিকার হিসেবেও কাজ করেছেন। শিল্পীজীবনে শতাধিক চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সহসা সিংহ’, ‘স্নেহাদা কদালাল্লি’, ‘সিংহ জোড়া,’ এবং ‘মিস্টার ভাসু’। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি কন্নড় ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। শিল্পী ও নির্মাতাদের অধিকার রক্ষায়ও ছিলেন সোচ্চার।
জো সাইমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার। এক শোকবার্তায় তিনি বলেন, কন্নড় চলচ্চিত্রের জন্য এটি অপূরণীয় ক্ষতি। জো সাইমন বহু বছর ধরে শিল্পে সক্রিয় ছিলেন এবং শতাধিক সিনেমাতে কাজ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি। বিনোদন অঙ্গনের তারকারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Leave a Reply