সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নারীর প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার
চ্যানেল ২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগ উঠেছে। যদিও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার হামলার মাধ্যমে নারী বিদ্বেষী ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হয়, যা আমিরের বক্তব্য ও অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে সেখান থেকে নারী বিদ্বেষী আপত্তিকর পোস্ট করা হয়। পরবর্তী সময়ে সেই পোস্টও রিমুভ করা হয়েছে।
এ ঘটনায় পরদিন রোববার এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার বিকেলে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে সেখানে যা পোস্ট করা হয়, তা আমাদের চিন্তা ও আদর্শের বাইরে। বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পেরেছি।
তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি; তারা চরম বাড়াবাড়ি করেছে।
তিনি আরও বলেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।
একই ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান নিয়ে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্যকে ভুলভাবে উপস্থাপন করা। আমি আমাদের প্রকৃত মূল্যবোধগুলো পরিষ্কার করতে এই বক্তব্যটি তুলে ধরছি।
তিনি লেখেন, প্রথম দিন থেকেই আমাদের ইশতেহার অত্যন্ত স্পষ্ট। আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবায় নারীর সক্রিয় অংশগ্রহণ ও অবস্থান নিশ্চিত করতে চাই। আমাদের অঙ্গীকার হলো— মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী-বান্ধব স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মস্থল, শিশু যত্নের (চাইল্ড কেয়ার) সুবিধা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা প্রশিক্ষণ।
তিনি আরও লেখেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কঠোর আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার পক্ষে আমরা। এগুলো আমাদের কোনো নতুন অবস্থান নয়। কয়েক মাস আগেই আমি জনসমক্ষে এই নীতিমালাগুলো তুলে ধরেছিলাম এবং গত ২০ জানুয়ারি পলিসি সামিটে আমি তা পুনর্ব্যক্ত করেছি। এগুলো কোনো গুজব বা অনলাইন প্রচারণার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দীর্ঘদিনের সুসংগত ও অবিচল লক্ষ্যেরই প্রতিফলন।
জনগণের উদ্দেশ্যে তিনি লেখেন, ভুল ব্যাখ্যা বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে আমার কাজ, আমার নীতি এবং আমার ইশতেহার দেখে বিচার করার আহ্বান জানাচ্ছি। আগামী ৩ ফেব্রুয়ারি আমি পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করব, যেখানে আমাদের প্রতিটি প্রতিশ্রুতির পূর্ণ বিবরণ থাকবে। আমাদের অঙ্গীকারগুলো নিছক কথা নয়, বরং বাস্তবমুখী। মেয়েদের জন্য নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, কঠোর আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং নারীর প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নারীদের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশই হলো সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশ; আর সেই ভবিষ্যৎই আমরা নির্মাণ করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories