অভিনেত্রী রানী মুখার্জির সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। স্বামী–স্ত্রীর সম্পর্ক এবং পারিবারিক আচরণ নিয়ে দেওয়া তার বক্তব্য অনেকের কাছে বিতর্কিত বলে মনে হয়েছে। একটি সাক্ষাৎকারে রানী বলেন, স্ত্রীদের উচিত প্রয়োজনে স্বামীর সঙ্গে কথা বলার সময় উচ্চস্বরে কথা বলা। এই মন্তব্যের পরই নেটদুনিয়ায় শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া।
বলিউড হাঙ্গামাকে দেয়া ওই সাক্ষাৎকারে রানী মুখার্জি পারিবারিক পরিবেশে সম্মান ও লিঙ্গভিত্তিক আচরণের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি জানান, একটি ছেলের মানসিকতা গড়ে ওঠে সে ঘরে কী দেখে তার ওপর ভিত্তি করে। বিশেষ করে বাবা কীভাবে মায়ের সঙ্গে আচরণ করেন, সেটিই সন্তানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে।
রানীর ভাষায়, সম্মান শুরু হয় পরিবার থেকেই। কোনও ছেলে যদি দেখে তার মাকে অবহেলা বা অসম্মান করা হচ্ছে, তাহলে সে বড় হয়ে অন্য নারীদের ক্ষেত্রেও একই আচরণকে স্বাভাবিক মনে করতে পারে। তাই বাবাদের উচিত ঘরে স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করা, যাতে সন্তানরা নারীদের যথাযথ মর্যাদা দিতে শেখে।
এই প্রসঙ্গেই রানী মুখার্জি বলেন, সবকিছুই ঘর থেকেই শুরু হয়। এমনকি বাবাদের মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলা উচিত নয়। বরং এমন কিছু হলে মায়েদের প্রতিবাদ করে উচ্চস্বরে কথা বলা উচিত আর এতেই পরিবর্তন আসবে।
এই বক্তব্যই মূলত সমালোচনার কেন্দ্রে চলে আসে।
রানী মুখার্জির এই বক্তব্য অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর কাছে গ্রহণযোগ্য হয়নি। কেউ কেউ মন্তব্য করেছেন, সম্পর্কের মধ্যে চিৎকার বা গলা চড়ানো, যে পক্ষই করুক না কেন তা কখনোই স্বাভাবিক করা উচিত নয়। অনেকের মতে, শান্ত ও সম্মানজনক কথোপকথনই সুস্থ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত।
এদিকে বিতর্কের মধ্যেই রানী মুখার্জি ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘মারদানি থ্রি’–এর মুক্তি নিয়ে। সিনেমাতে আবারও তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের ভূমিকায়, যিনি নারীর বিরুদ্ধে অপরাধ দমনে লড়াই করেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ জানুয়ারি।
k2fa0e