বলিউড সংগীতপ্রেমীদের জন্য একেবারেই অপ্রত্যাশিত খবর। জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ঘোষণা দিয়েছেন, তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক আবেগঘন বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান এই শিল্পী।
এনডিটিটি থেকে জানা যায়, অরিজিৎ মঙ্গলবারে (২৭ জানুয়ারি) দেয়া পোস্টে লেখেন,“সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই থামছি। যাত্রাটা ছিল সত্যিই অসাধারণ।
অরিজিতের এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শোক ও বিস্ময়ের ঢেউ ওঠে। একজন ভক্ত মন্তব্য করেন, দয়া করে বলুন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।” আরেকজন লেখেন, অরিজিৎ ছাড়া বলিউডের গান শূন্য মনে হবে।
অরিজিৎ সিংয়ের কণ্ঠে গাওয়া গান মানেই আবেগ, প্রেম আর হৃদয়ছোঁয়া অনুভূতি। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি টু’ সিনেমার ‘তুম হি হো’ গানটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর একের পর এক জনপ্রিয় গান দিয়ে বলিউড সংগীতে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।তার গাওয়া দর্শকপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘চন্না মেরেয়া’ (অ্যায় দিল হ্যায় মুশকিল),‘ফির ভি তুমকো চাহুঙ্গা’ (হাফ গার্লফ্রেন্ড), এবং ‘হাওয়ায়েঁ’ (জাব হ্যারি মেট সেজাল)।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অরিজিৎ সিং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পাশাপাশি ২০২৫ সালে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়। তবে হঠাৎ এই সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুই জানাননি অরিজিৎ। ফলে তার এই ঘোষণাকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
Leave a Reply