দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী সুনিতা উইলিয়ামস। মার্কিন এই মহাকাশ সংস্থাটি জানিয়েছে, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তার অবসর কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানের এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
তবে মহাকাশে ৬০০ দিনের বেশি সময় কাটানো এই নারী অভিযাত্রী অবসরের পর কী ধরনের পেনশন ও আর্থিক সুবিধা পাবেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কর্মজীবনে সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযানে অংশ নিয়েছেন। মানব মহাকাশযাত্রায় তিনি একাধিক রেকর্ড গড়েছেন।
মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন তিনি, যা নাসার নভোচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সময়। পাশাপাশি তিনি ৯ বার স্পেসওয়াক করেছেন এবং মহাকাশযানের বাইরে কাটিয়েছেন মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট। এটি নারী নভোচারীদের মধ্যে সর্বোচ্চ এবং নাসার ইতিহাসে সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ সময়।
এখন অনেকেরই কৌতূহল— অবসরের পর তার জীবন কেমন হবে এবং কী ধরনের আর্থিক সুবিধা তিনি পাবেন।
অবসরের পর সুনিতা উইলিয়ামস কত পেনশন পাবেন?
সুনিতা উইলিয়ামস নাসা থেকে সরাসরি কোনও পেনশন পাবেন না। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম (এফইআরএস)–এর আওতায় তিনি পেনশন পাওয়ার যোগ্য হবেন। এই পেনশন নির্ধারিত হবে তার ২৭ বছরের চাকরির মেয়াদ এবং টানা তিন বছরের সর্বোচ্চ বেতনের গড় হিসাব করে।
নিয়ম অনুযায়ী, প্রতি বছরের চাকরির জন্য তিনি তার ‘হাই–৩’ গড় বেতনের প্রায় ১ শতাংশ হারে পেনশন পাবেন। তিনি যেহেতু জিএস–১৫ গ্রেডের কর্মকর্তা ছিলেন এবং তার বার্ষিক বেতন ছিল আনুমানিক ১ কোটি ২০ থেকে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি সমপরিমাণ, তাই তার পেনশনের অঙ্কও উল্লেখযোগ্য হওয়ার কথা।
যদিও নির্দিষ্ট কোনও অঙ্ক প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে তিনি বছরে প্রায় ৪৩ হাজার ২০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৬ লাখ রুপি) ফেডারেল পেনশন পেতে পারেন। নাসায় তার ২৭ বছরের চাকরির সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন হিসেবে কাজের সময়ও এই হিসাবের মধ্যে ধরা হয়েছে।
অবসর–পরবর্তী অন্যান্য সুবিধা
যুক্তরাষ্ট্রের ফেডারেল এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম (এফইআরএস) পেনশনের পাশাপাশি সুনিতা উইলিয়ামস যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় মাসিক ভাতা পাবেন।
এছাড়া অবসরের পরও তিনি যেসব সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে থ্রিফট সেভিংস প্ল্যান, সোশ্যাল সিকিউরিটি ভাতা তথা মাসিক আর্থিক সহায়তা, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধার অধীনে আজীবন ফেডারেল স্বাস্থ্যবিমা ও জীবনবিমার সুবিধা।
এছাড়া চিকিৎসা ও মানসিক সহায়তার অংশ হিসেবে মহাকাশ মিশনের পরবর্তী চিকিৎসা ও মানসিক সেবার সুযোগ-সুবিধাও পাবেন সুনিতা উইলিয়ামস।
Leave a Reply