সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না থেকেও ডাকযোগে ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ব্যবস্থার আওতায় ভোটাধিকার প্রয়োগের সুযোগকে ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ। এ উপলক্ষে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে ‘পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা’ শীর্ষক এক আলোচনা সভা।
ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই সভার আয়োজন করে আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ‘প্রবাস বাংলা ভয়েস’-এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
আলোচনায় অংশ নেন ড. মো. আব্দুল বাতেন, ইকবাল রহমান, আলমগীর দারাইন, মো. রশিদ রিপন, আসিফ হোসেন, মেহেদী হাসান রনি, সুলতান তাইপুর, সুবর্ণা খন্দকার, রেহানা বেগম, মোহাম্মদ নাইম আহমেদ, ড. দেলোয়ার হোসেন, সোহেল মাহবুবুল করিম, একতা দারাইন করিম, আশিক হক ও জাভেদ ইকবালসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইলফলক যুক্ত হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেয়ার সুযোগ পেয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত।
নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তের প্রশংসা করে তারা বলেন, স্বাধীনতার পর এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এতদিন প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন, এবার ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
বক্তারা আরও বলেন, পোস্টাল ভোটিং ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে প্রবাসীদের গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং দেশের গণতন্ত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
Leave a Reply