বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আগস্টে বাংলাদেশিদের কার্ডে বিদেশে ব্যয় ৯৮৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১ বার

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে বাংলাদেশিদের। এর ধারাবাহিকতায় গত আগস্টে দেশের ব্যাংকগুলো থেকে ইস্যু করা কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে মোট ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। দেশগুলোতে ব্যয়ের হার যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ।
বিদেশে কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয়ের পাশাপাশি দেশের অভ্যন্তরেও কার্ডভিত্তিক লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ।
২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।
লেনদেনের অর্থমূল্য বৃদ্ধির পাশাপাশি দেশে ব্যাংক কার্ডের সংখ্যাও বেড়েছে। একই পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে ব্যাংক কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে।
মোট কার্ডের মধ্যে ডেবিট কার্ড রয়েছে চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি। এ ছাড়া ক্রেডিট কার্ডের সংখ্যা ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯ এবং প্রিপেইড কার্ড রয়েছে ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
তবে সামগ্রিকভাবে কার্ডভিত্তিক লেনদেন বাড়লেও গত আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয়ের পরিমাণ কিছুটা কমেছে। ওই মাসে এ ধরনের কার্ডের মাধ্যমে গ্রাহকরা ব্যয় করেছেন চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। এর আগের মাস জুলাইয়ে ব্যয়ের পরিমাণ ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড ব্যয় কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ।
আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ খাতে গ্রাহকদের ব্যয়ের পরিমাণ ছিল এক হাজার ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
অন্যদিকে, বিদেশি ব্যাংক কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয়ের পরিমাণও বেড়েছে। গত আগস্টে বিদেশিরা এ দেশে কার্ডের মাধ্যমে ২৪৯ কোটি টাকা খরচ করেছেন। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories