পাবনা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। রোববার (৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শনিবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস আর গত শুক্রবার ছিল এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, মৃদু শৈতপ্রবাহ আর উত্তরের ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও শীত কমছে না। ছিন্নমূল আর দরিদ্র মানুষগুলো শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
শীতের কারণে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে অর্ধশতাধিক রোগী নিউমোনিয়া ও ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি।
Leave a Reply