বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সব শ্রেণির মানুষ। এ তালিকায় আছেন দেশের বিনদন অঙ্গনের তারকারাও। দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
অভিনেত্রী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি খালেদা জিয়াকে জাতির রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত চরিত্র হিসেবে উল্লেখ করেন। পোস্টে আজমেরি হক বাঁধন লেখেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের জাতির রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে, তার নেতৃত্ব এবং বছরের পর বছর ধরে জনসেবা বাংলাদেশের উপর স্থায়ী ছাপ রেখে গেছে। আমরা তার পরিবার এবং তার মৃত্যুতে শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ তাকে শান্তি ও রহমত দান করুন।
বাঁধন আরও লেখেন, কঠিন সময়েও যে সৌন্দর্য ও দৃঢ়তার সঙ্গে ছিলেন, তা স্মরণীয় হয়ে থাকবে। জাতি তাকে মর্যাদা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের বিদায়: বান্নাহ
এদিকে. খালেদা জিয়ার জানাজা ও দাফনসংক্রান্ত প্রস্তুতির কথাও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি গণমাধ্যমকে জানান, রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। সালাহউদ্দিন আহমেদ বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফজরের নামাজের পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply