বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে অস্ট্রেলিয়া থেকে। দেশটির শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মোনাশ ইউনিভার্সিটি। এরইমধ্যে মোনাশ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ ২০২৬-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীসহ অস্ট্রেলিয়ার নাগরিকরাও এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স (রিসার্চ) ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বৃত্তিটি ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য উন্মুক্ত।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত। গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সুপরিচিত। কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিংসহ বিভিন্ন বৈশ্বিক সূচকে মোনাশ ইউনিভার্সিটি নিয়মিতভাবে শীর্ষ অবস্থানে রয়েছে।
আর্থিক সুবিধা
এই গবেষণা বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি মাসিক স্টাইপেন্ড, আন্তর্জাতিক যাতায়াতের বিমান ভাড়া, রিলোকেশন অ্যালাউয়েন্স, নিয়মিত জীবনযাত্রা ভাতা, বই ও গবেষণা উপকরণের খরচ এবং স্বাস্থ্যসেবা ভাতা প্রদান করা হবে। ফলে পড়াশোনার সময় শিক্ষার্থীদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
বৃত্তির ধরন
মোনাশ ইউনিভার্সিটিতে গবেষণাভিত্তিক ডিগ্রির জন্য একাধিক স্কলারশিপ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপ, যা অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে দেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেয়া হয়। এই বৃত্তির আর্থিক মূল্য সর্বোচ্চ প্রায় ৩২ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা ২৬ লাখ টাকার বেশি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দেয়া হয় মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশিপ। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পিএইচডি শিক্ষার্থীদের জন্য রয়েছে ম্যাক্সওয়েল কিং পিএইচডি স্কলারশিপ, যার মূল্য সর্বোচ্চ ৩৫ হাজার ৬০০ ডলার। প্রতিবছর বিভিন্ন অনুষদে প্রদান করা হয় মোনাশ সিলভার জুবিলি পিএইচডি স্কলারশিপ, যার আর্থিক মূল্য প্রায় ৩৫ হাজার ডলার। মানবিক ও সামাজিক বিজ্ঞানে গবেষণার জন্য রয়েছে রেডন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ, যার মূল্য সর্বোচ্চ ২০ হাজার ডলার।
আবেদনের যোগ্যতা
এই বৃত্তির জন্য দেশি ও বিদেশি উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর একাডেমিক ফলাফল, গবেষণা প্রস্তাব এবং পূর্ববর্তী গবেষণা অভিজ্ঞতার ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হয়। নির্বাচিত প্রোগ্রামে ভর্তির জন্য ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ জমা দেয়া বাধ্যতামূলক।
অধ্যয়নের ক্ষেত্র
আর্টস, ডিজাইন ও আর্কিটেকচার; হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সেস; বিজনেস; এডুকেশন; ইঞ্জিনিয়ারিং; ইনফরমেশন টেকনোলজি; মেডিসিন; নার্সিং; হেলথ সায়েন্সেস; ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এবং আইন এই সব বিষয়ে মাস্টার্স (রিসার্চ) ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা মোনাশ ইউনিভার্সিটির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Leave a Reply