বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও অনেক সময় অর্থনৈতিক সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে খরচের চাপ আরও বেড়ে যায়। এমন বাস্তবতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর দিয়েছে চীনের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় বেইহাং ইউনিভার্সিটি। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি)–এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
বেইহাং ইউনিভার্সিটি কেন বিশেষ
১৯৫২ সালে প্রতিষ্ঠিত বেইজিংভিত্তিক বেইহাং ইউনিভার্সিটি (সাবেক বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস) চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি’ উদ্যোগের অন্তর্ভুক্ত। প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বজুড়ে খ্যাত এই প্রতিষ্ঠান আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষক এবং শক্তিশালী শিল্প-সহযোগিতার কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
যেসব সুবিধা মিলবে
বেইহাং ইউনিভার্সিটির সিএসসি বৃত্তি একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যের আবাসন অথবা আবাসন ভর্তুকি
জীবনযাত্রার খরচের জন্য মাসিক স্টাইপেন্ড
পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসাবিমা
পড়াশোনার সময় প্রায় সব ধরনের খরচই বহন করবে চীনা সরকার।
আইইএলটিএস ছাড়াই ইউরোপে পড়াশোনা, প্রতি মাসে মিলবে ৮০০ ইউরো
আবেদন করতে পারবেন যারা
এই বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের যেসব শর্ত পূরণ করতে হবে—
আবেদনকারীকে অবশ্যই চীনের বাইরে অন্য দেশের নাগরিক হতে হবে
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে
মাস্টার্স প্রোগ্রাম: স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বয়স ৩৫ বছরের নিচে
পিএইচডি প্রোগ্রাম: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বয়স ৪০ বছরের নিচে
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সময় শিক্ষার্থীদের যেসব নথি জমা দিতে হবে—
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন ফরম
হালনাগাদ সিভি/রেজুমে
পাসপোর্টের তথ্য পাতার কপি
সর্বোচ্চ ডিগ্রির নোটারাইজড সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
সুপারভাইজরের অ্যাকসেপ্ট্যান্স লেটার (যদি থাকে)
স্টাডি প্ল্যান বা গবেষণা প্রস্তাবনা
দুটি সুপারিশপত্র
ফরেনার ফিজিক্যাল এক্সামিনেশন ফরম
নন-ক্রিমিনাল রেকর্ড সনদ
ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র
যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা অ্যারোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্স থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ম্যাটেরিয়ালস সায়েন্স, সাইবার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিকস, ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজেস এবং আইনসহ বিস্তৃত বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট প্রোগ্রামের শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Leave a Reply