মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের প্রখ্যাত নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের মৃত্যুর ঘটনায় ছেলে নিক রেইনারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জেলা অ্যাটর্নি নাথান হচম্যান বলেছেন, বিশেষ পরিস্থিতিতে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’র দুটি খুনের অভিযোগের মুখোমুখি হতে যাচ্ছেন নিক রেইনার।
এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে নিক রেইনারকে শর্তসাপেক্ষে মুক্তি ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্রদান করা হতে পারে। অ্যাটর্নি নাথান বলেন, কারা কর্মকর্তারা তাকে চিকিৎসার জন্য ছাড়পত্র দেয়ার পর আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি করতে এবং আবেদন জানাতে আদালতে তোলা হবে তাকে।
এর আগে ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে তাদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতে মৃত অবস্থায় নির্মাতা রব রেইনার ও মিশেল দম্পতিকে পাওয়া যায়। এর দু’দিন পর তাদের ছেলে নিক রেইনারের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হলো। অভিযোগের মধ্যে একটি বিশেষ অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে বিপজ্জনক ও প্রাণঘাতী অস্ত্র (ছুরি) ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অ্যাটর্নি নাথান এক সংবাদ সম্মেলনে বলেন, আইনজীবীরা নিক রেইনারের মৃত্যুদণ্ড চাইবেন কিনা, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৩২ বছর বয়সী নিকের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য স্থানীয় সময় মঙ্গলবার দিনের শেষে বিচারকের সামনে হাজির করার কথা ছিল। তবে অ্যাটর্নি জানিয়েছেন, এটি পরবর্তী তারিখে নির্ধারিত হবে। হত্যার অস্ত্রটি উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটি আদালতে প্রকাশ করা হবে।
এদিকে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক এবং স্পর্শকাতর। শুধু রেইনার পরিবার এবং তাদের প্রিয়জনদের জন্য নয়, পুরো শহরের জন্য হৃদয়বিদারক। এই মর্মান্তিক ঘটনায় সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, নির্মাতা রব রেইনার বিভিন্ন ধরনের কিছু বিখ্যাত সিনেমা পরিচালনা করেছেন। সেসব হচ্ছে ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘মিজারি’ ও ‘এ ফিউ গুড মেন’। আর তার স্ত্রী মিশেল ছিলেন একজন অভিনেত্রী, আলোকচিত্রী ও প্রযোজক। পাশাপাশি তিনি ‘রেইনার লাইট’ নামের একটি ফটোগ্রাফি সংস্থা এবং প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতাও ছিলেন।
Leave a Reply