টেলিভিশন অভিনেতা ও বিগ বস ওটিটির সাবেক প্রতিযোগী জিশান খান মুম্বাইয়ের ভারসোভায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে জিম থেকে বাড়ি ফেরার সময় তার গাড়িটি বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে। ওই গাড়িটিতে একজন প্রবীণ দম্পতি ছিলেন।
দুর্ঘটনাটি ভয়াবহ হলেও কেউই গুরুতর আহত হননি। তবে দুটি গাড়িরই ক্ষতি হয়েছে। ঘটনার পর জিশান খান নিকটবর্তী থানায় গিয়ে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন।
জিশান খান ২০১৫ সালে স্টার প্লাসের ‘কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর তিনি সনি টিভির পরবর্তী সিজন ২–এ অভিনয় করেন। জিশান সবচেয়ে বেশি পরিচিতি পান জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’তে আরিয়ান খন্না চরিত্রে অভিনয় করে।
এছাড়া তিনি একতা কাপুরের নাগিন সিরিজেও অভিনয় করেছেন। পরবর্তীতে বিগ বস ওটিটির প্রথম সিজনে অংশ নিয়ে তার শান্ত স্বভাব এবং সরল আচরণের জন্য দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে প্রতীক সেহজপালের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর তিনি শো থেকে বাদ পড়েন। সেই সিজনে দিব্যা আগরওয়াল বিজয়ী ও নিশান্ত ভাট প্রথম রানার আপ হন। রিয়েলিটি শোতে অংশ নেয়ার পর জিশান খান একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিত মুখ তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৯.১৯ লাখ।
Leave a Reply