অনেকটা গোপনে চলছিল চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’র শুটিং। কিন্তু সেটি আর গোপন রইল না। দুঃখজনক এক সংবাদের সঙ্গেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির শুটিংয়ের কথা। এই সিনেমার শুটিং করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন আরিফিন শুভ।
রাজশাহী অঞ্চলে ‘মালিক’র অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। কিন্তু এর শুটিং করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় আরিফিন শুভর। তারপরও চালিয়ে যান শুটিং। তারপর পরিস্থিতি খারাপ হলে হাসপাতালে নেয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আর এ খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
আরিফিন শুভর অগ্নিদগ্ধ হওয়ার খবর সামনে আসায় এখন সবার প্রশ্ন, বর্তমানে কেমন আছেন তাদের প্রিয় অভিনেতা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন―শুটিং করছেন।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলবে, এমনই কথা ছিল। এ অনুযায়ী সবই ঠিক ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। হঠাৎ করেই আগুন লেগে যায় শুভর পায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের শিখা অনেক ছড়িয়ে পড়ে।
এছাড়া ইউনিট সূত্রে জানা গেছে, আগুন লাগার পর প্রথমে নিজেই এর শিখা নেভানোর চেষ্টা করেন আরিফিন শুভ। কিন্তু একপর্যায়ে আর পেরে উঠতে পারছিলেন না। আগুনের তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে দেখা যায় তার পায়ে ক্ষত হয়েছে।
এ ব্যাপারে আরিফিন শুভ বলেছেন, এ অবস্থা নিয়েই শুটিং করছি। কাজটি তো আমাকে শেষ করতে হবে। তা না হলে শুধু আমার জন্য পুরো ইউনিটই ক্ষতির মুখে পড়বে।
অন্য একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ‘মালিক’ সিনেমার পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আরিফিন শুভ নিষেধ করেন। তিনি প্রাথমিক চিকিৎসা নেয়ার পরপরই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই দিনের শুটিং শেষ করেন।
প্রসঙ্গত ‘মালিক’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। এতে আরিফিন শুভর সঙ্গে রয়েছেন মিম। এ মাসেই দেশের বাইরে এর একটি আইটেম গানের শুটিং হওয়ার কথা। তারপরই শেষ হবে ‘মালিক’র কাজ।
Leave a Reply