সদ্যপ্রয়াত গায়ক জুবিন গার্গের ৫৩তম জন্মদিন ছিল মঙ্গলবার (১৮ নভেম্বর) । বিশেষ এই দিনে স্বামীকে আবেগঘন বার্তায় স্মরণ করলেন তার স্ত্রী গরিমা গার্গ। ইনস্টাগ্রামে কয়েকটি পুরোনো ছবি শেয়ার করে তিনি জানান, জুবিনকে ছাড়া প্রতিটি মুহূর্ত কতটা কঠিন এবং তাকে কতটাই না মিস করছেন।
পোস্টে গরিমা তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। ২০০২ সালে বিয়ের পরের সুখ-দুঃখ, একসঙ্গে কাটানো সময় আর গভীর বন্ধন তার লেখায় উঠে আসে। তিনি লিখেছেন, আমাদের তৈরি করা স্মৃতিগুলো আজ আরও বেশি করে তোমাকে মনে করিয়ে দেয়।
ভারতের সংগীতাঙ্গনে, বিশেষ করে অসমিয়া সংস্কৃতিতে, জুবিন গার্গ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। পাশাপাশি তিনি হিন্দি ও বাংলা চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন, যা তাকে সারাদেশে জনপ্রিয় করে তুলেছিল। গত মাসে গুয়াহাটির একটি হলে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘রই রই বিনালে’। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া মেলে। জুবিনের ভক্তরা সিনেমা হলে ভিড় জমিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান। সিনেমাটির পরিচালক রাজেশ ভূঞা বলেন, আসামে সকালের কোনো শোতে এত প্রতিক্রিয়া আগে কখনো দেখা যায়নি। এটি জুবিনের স্বপ্নেরই সার্থকতা। তিনি আরও বলেন, জুবিনের অসমাপ্ত বেশ কিছু প্রকল্প রয়েছে, যেগুলো সম্পন্ন করতে তারা একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি শোতে অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করেন জুবিন গার্গ। তার মৃত্যু ঘিরে রহস্যের তদন্তে নেমেছে আসাম সরকার। এরই অংশ হিসেবে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়। এখন পর্যন্ত গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য জ্যোতি গোস্বামী, সহশিল্পী অমৃতপ্রভা মহন্তসহ তার ঘনিষ্ঠ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এসআইটি আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আদালতে চার্জশিট জমা দেবে।
Leave a Reply