মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন। গত ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া।
মৃত শিক্ষার্থীর নাম আল আমিন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন নয়াবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।
চিকিৎসকের বরাত দিয়ে এছাক মিয়া বলেন, কয়েক দিন ধরেই আল আমিন হতাশায় ভুগছিলেন। পরে আজ (বুধবার) হঠাৎ করে অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে পরিবার ও সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান ইফতে খাইরুল আমিন বলেন, আল আমিন মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় থাকতেন। তার মা-বাবা বলেছেন, আল আমিন স্ট্রোক করেছেন। তার লাশ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
Leave a Reply