দেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুন’র ভোকাল আলী আজমতের বহুল প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। রাজধানী ঢাকায় ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ নভেম্বর) আয়োজন প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে নিশ্চিত করেছে বিষয়টি। সংস্থাটি জানায়, ‘কিছু অনিবার্য পরিস্থিতির জন্য আজকের শো ‘আলী আজমত এক্স জেমস – লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে ‘
কর্তৃপক্ষ আরও জানায়, তারা শিগগিরই কনসার্টটি ফের আয়োজনের চেষ্টা করবে। প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবের কারণে কনসার্টটি বাতিল করতে হয়েছে বলে জানানো হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান বিবৃতিতে টিকিট ক্রেতা, স্পন্সর, ও স্টল মালিকদের ধৈর্যের সঙ্গে অপেক্ষার জন্য ধন্যবাদ জানিয়েছে। কনসার্টটির নতুন তারিখ ও স্থান শিগগিরই জানানো হবে। আর টিকিট ক্রেতারা নতুন তারিখে ওই টিকিট ব্যবহার করতে পারবেন বা ফেরত নিতে পারবেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, এ দিনের কনসার্টে জেমস ও আলী আজমত ছাড়াও নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তীর অংশ নেয়ার কথা ছিল। তবে আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।
Leave a Reply