সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত এক আদিবাসী নারীর ওপর শারীরিক লাঞ্ছনা ও সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন, এমন নৃশংসতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় এবং হামলাকারী ও সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এছাড়া দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং ঘটনাটির স্বচ্ছ তদন্ত দাবি করছি।
বিবৃতিতে শিক্ষার্থীরা আরও বলেন, পাহাড়ি আদিবাসী জনগণের ওপর আঘাত, লুটপাট ও নিপীড়নের যে কর্মকাণ্ড দেখা দিয়েছে, আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত ও নিরপেক্ষ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হোক—তা আমাদের প্রধান দাবি। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সজীব চাকমা বলেন, যে ধরনের সহিংসতা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একই সঙ্গে ভুক্তভোগীর জরুরি চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের উচিত পাহাড়ি জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা।
এছাড়াও শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হামলাকারীদের সনাক্ত ও দায়মুক্তি রোধের জন্য কার্যকর পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা সমাজে সহনশীলতা ও সংবেদনশীলতা বৃদ্ধির প্রয়োজনীয়তা মন্তব্য করে বলেছেন, রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব ভুক্তভোগীদের জীবন, নিরাপত্তা ও অধিকার রক্ষা করা। তারা ভুক্তভোগীর জরুরি চিকিৎসা সেবা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করারও আহ্বান জানান।
Leave a Reply