ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তদন্তে তৎপর রয়েছেন সিআইডি কর্মকর্তারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসে আসে সিআইডি (তদন্তকারী কর্মকর্তা) টিম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ শেষে দুপুরে সাংবাদিকদের কাছে তদন্তের অগ্রগতি জানান তদন্ত টিমের সদস্যরা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কুষ্টিয়া সিআইডি শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু তারেক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে সিআইডি কর্মকর্তারা জানান, তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ ঘটনার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নিজের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ৬ বার ক্যাম্পাসে আসা হয়েছে। আমরা সেপ্টেম্বরের ১৬ তারিখে এই মামলা হাতে পাই। আমরা রিপোর্টে পেয়েছি যে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুতরাং এটা একটা মার্ডার কেস। এখানে এক বা একাধিক কেউ ইনভলবমেন্ট আছে।
তারা আরও জানান, আমরা মামলার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করছি। আমরা আশাবাদী হত্যাকারীদের শনাক্ত করতে পারব। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম শেষ করতে সবার সহযোগিতাও কামনা করেছেন তারা।
এর আগে গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সাজিদের লাশ উদ্ধার করা হয়। পরদিন ১৮ জুলাই সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। গত ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে তার হত্যা হয়েছে বলে উল্লেখ করা হয়। লাশ পোস্টমর্টেমের ৩০ ঘণ্টা আগেই সাজিদের মৃত্যু হয় বলে জানানো হয়।
এ ঘটনার পর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ সাজিদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। হত্যার তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে সিআইডি।
Leave a Reply