নানা কারণে বিশ্বের বড় বড় শহরে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকাও এর কবলে রয়েছে। সম্প্রতি কিছুটা উন্নতি হলেও আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে রাজধানীর বায়ুমান।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার একিউআই স্কোর দাঁড়ায় ১৬৬-তে। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে রাজধানী। বিশেষজ্ঞদের মতে, এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এদিন একই সময়ে ২০৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। আর ১৫৫ স্কোর নিয়ে সেনেগালের রাজধানী ডাকার ও পাকিস্তানের করাচি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ভারতের রাজধানী দিল্লি ১৫৪ স্কোর নিয়ে অবস্থান করে পঞ্চম স্থানে।
একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, আর ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ একিউআই হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা পুরো শহরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
Leave a Reply