বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে দাপটে থাকতে পারে বৃষ্টি। তবে আগামী বুধবারের (১ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়তে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে আগামী বুধবারের (১ অক্টোবর) দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এই অবস্থায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পরদিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এদিকে বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে সোম, মঙ্গল ও বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এ দু’দিনও সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে চাঁদপুরে ২৮ মিলিমিটার ছাড়াও বান্দরবানে ২৬, কুমিল্লায় ১৯, নরসিংদীতে ১৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩, নোয়াখালীর মাইজদীকোর্টে ১১ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
Leave a Reply