প্রবল বিতর্কের মাঝেই গত রোববার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষেও কম বিতর্ক হয়নি। ভারতীয় দল পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় প্রবল ক্ষুব্ধ হয় পাকিস্তান দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ এনে তাকে শাস্তি দেওয়ার দাবি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে সরানো হবে না।
এরপরেই পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ বয়কটের গুঞ্জন ওঠে। যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের তাদের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল। এমনকি নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হয়ে হোটেলেই অবস্থান করছিল সালমান আগার দল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক ঘণ্টা পিছিয়ে মাঠে গড়ায় ম্যাচটি। এবার সেই ম্যাচ শেষ হতে না হতেই ভারতকে হুঙ্কার দিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে পাকিস্তান। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। একই ভেন্যুতে আগামী রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সেই ম্যাচের আগেই পাক অধিনায়ক সালমান আগা বলে রাখলেন তারা যে কোনও ম্যাচ, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। তিনি বলেন, ‘আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বিগত চার মাস ধরে আমরা যে ক্রিকেটটা খেলছি, সেটা যদি খেলতে পারি, তাহলে আমরা যার বিরুদ্ধেই মাঠে নামি না কেন, (তাদের হারাতে) আমরা তৈরি।
পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও, শেষ দুই ম্যাচে ব্যাট হাতে অন্তত নিজেদের সেরাটা দিতে পারিনি। ভারতের বিরুদ্ধে গো হারান হারার পর আরব আমিরাতের বিপক্ষেও একসময় ধুঁকছিলেন আগারা। অবশেষে ফখর জামানের ফিফটি ও শাহিন শাহ আফ্রিদির ক্যামিওতে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।
তবে এই ম্যাচের আগে প্রবল নাটক চলে। ম্যাচের আগে আচমকা জানা যায় যে, টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামে রওনাই হয়নি পাক দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে যে আবেদন করেছিল পিসিবি, সেই আবেদন না মানা হলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পিসিবি। অবস্থান নির্ধারণ করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলার কথাও জানায় পিসিবি।
তবে সন্ধ্যার দিকে বলা হয় পাক দল মাঠে যাচ্ছে। দাবি করা হয় করমর্দন কাণ্ডের জেরে নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এ-ও দাবি করা হয় যে, পাইক্রফটের বিরুদ্ধে নাকি তদন্ত করার কথা জানিয়েছে আইসিসি। বুধবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয় পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ। এবার এই প্রবল বিতর্কের মাঝেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের কী ফলাফল হয় সেটাই দেখার বিষয় হতে চলেছে।
Leave a Reply