কাশ্মীরের আপেলচাষিদের বছরের সব পরিশ্রম যেন পানিতে গেল। বন্যা ও ভূমিধসে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে পড়ায় অন্তত চার হাজার ট্রাকভর্তি ফল ভারতসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে না পেরে আটকে আছে।
বারামুল্লার চাষি জাভিদ আহমদ ভাটের দুই ট্রাক আপেল, যার বাজারমূল্য ১০ হাজার ডলারের বেশি, এখন রাস্তায় আটকে থেকে পচে যাচ্ছে। ভাট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সারা বছরের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেল। বসন্ত ঋতু থেকে যত্ন করে ফলানো এই আপেল আর বিক্রি হবে না। আমরা বাধ্য হচ্ছি ট্রাকভর্তি ফল ফেলে দিতে।’
কাশ্মীরের অর্থনীতির মেরুদণ্ড হলো উদ্যানফল। প্রতিবছর এখান থেকে ২০-২৫ লাখ মেট্রিক টন আপেল উৎপাদিত হয়, যা ভারতের মোট উৎপাদনের প্রায় ৭৮ শতাংশ। স্থানীয় কৃষক সংগঠনগুলোর তথ্য বলছে, এবার ভরা মৌসুমে (স্থানীয় ভাষায় হারুদ) মহাসড়ক বন্ধ হয়ে পড়ায় সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, আনুমানিক চার হাজার ট্রাক ক্বাজীগুন্ড এলাকায় দুই সপ্তাহ ধরে আটকে আছে। ইতোমধ্যে প্রায় ১৪৬ মিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে।
ক্ষুব্ধ কৃষকরা সোমবার ও মঙ্গলবার কাশ্মীরের সব ফলের বাজার বন্ধ রেখে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। সোপুরের এক কৃষক ইশফাক আহমদ বলেন, ‘যদি আরও কয়েকদিন এ অবস্থা থাকে, আমাদের ক্ষতি কল্পনারও বাইরে চলে যাবে।
সোপুরের বিশাল ফলের বাজারে মঙ্গলবার দেখা গেছে, শত শত তাজা আপেলের বাক্স অচল অবস্থায় পড়ে আছে। এক ব্যবসায়ী জানান, প্রতি বাক্স/ক্যারেট আপেলের দাম ৬০০ রুপি থেকে নেমে ৪০০ রুপিতে ঠেকেছে।
কাশ্মীর ফলচাষি সমিতির সভাপতি ফয়াজ আহমদ মালিক বলেন, ‘মহাসড়ক বন্ধ হওয়ার শুরুতেই সরকার তৎপর হলে এতটা ক্ষতি হতো না। এখন ক্ষতির অঙ্ক কোটির ওপর পৌঁছেছে।
কেন্দ্রীয় শাসনাধীন অঞ্চলের প্রধান কর্মকর্তা মনোজ সিনহা গত ১৫ সেপ্টেম্বর বুদগাম থেকে দিল্লিগামী একটি বিশেষ ট্রেন চালুর ঘোষণা দেন।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘আমরা অনেক ধৈর্য ধরেছি। প্রতিদিন আশ্বাস দেয়া হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যথেষ্ট হয়েছে, যদি মহাসড়ক সচল রাখতে কেন্দ্রীয় সরকার না পারে তবে এর নিয়ন্ত্রণ আমাদের হাতে তুলে দিক।’
এদিকে কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি দাবি করেছেন, ৫০টিরও বেশি যন্ত্রপাতি দিয়ে দিনরাত কাজ চলছে। তবে মাঠে থাকা ট্রাকচালকরা বলছেন, বাস্তবে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
কাজিগুন্ডে আটকে থাকা ট্রাকচালক শবির আহমদ বলেন, ‘২০ দিন ধরে আমরা এখানে পড়ে আছি। ফল প্রতিদিন নষ্ট হচ্ছে। ক্ষতি কতটা তা কল্পনাও করা যায় না।’
তিনি আরও যোগ করেন, ‘যাদের ফল নষ্ট হয়ে গেছে তারা চুপচাপ বোঝা নামিয়ে দিয়ে ফেলে আসছে। আমাদের ফসল এখন ধীরে ধীরে আবর্জনায় পরিণত হচ্ছে।
Leave a Reply