খেলার মাঠেই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ন ম্যান্ডিওয়ালা। এই ঘটনার এক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে। কাবাডি খেলোয়াড়ের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম।
সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভেহারিতে খেলার সময়ই হঠাৎ করে পড়ে যান ম্যান্ডিওয়ালা। উপস্থিত খেলোয়াড়সহ স্টাফরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা কাজে আসেনি। ম্যান্ডিওয়ালার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি।
এ ঘটনায় পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক সরওয়ার রানা বলেন, ‘একজন খেলোয়াড়ের মাঠে মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ্ তাদের ধৈর্য দান করুন। পুরো কাবাডি সম্প্রদায় এই অকাল মৃত্যুতে শোকাহত।
সাধারণত খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা শারীরিক দিক থেকে বাকিদের তুলনায় অনেকটাই ফিট থাকেন। শরীরচর্চা বা খেলাধুলোর প্রয়োজনে কঠিন ওয়ার্কআউটও করতে হয় তাদের। জীবনযাপন করেন রুটিন মেনে। তারপরেও কেন তারা শিকার হচ্ছেন হৃদরোগের, এমন প্রশ্ন আবার নতুন করে উঠছে।
Leave a Reply