চাহিদা দুর্বল অথচ উৎপাদন বেড়ে যাওয়ায় চীনে ইস্পাতের বাজার চাপে পড়েছে। এর প্রভাব পড়েছে কাঁচামাল আকরিক লোহার ওপরও। ফলে সপ্তাহজুড়ে দাম কমার পথে রয়েছে এ খনিজটির। খবর বিজনেস রেকর্ডার
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে শুক্রবার (২২ আগস্ট) সবচেয়ে বেশি লেনদেন হওয়া জানুয়ারি ডেলিভারির লোহা আকরিক চুক্তির দাম দাঁড়ায় মেট্রিক টনপ্রতি ৭৭০ ইউয়ান বা ১০৭ ডলার। এক দিনে দাম কমেছে প্রায় ০ দশমিক ৭১ শতাংশ। আর সপ্তাহজুড়ে এই দর নেমেছে ০ দশমিক ৮৪ শতাংশ।
সিঙ্গাপুর এক্সচেঞ্জেও সেপ্টেম্বরে সরবরাহযোগ্য আকরিক লোহার দাম টনপ্রতি নেমে এসেছে ১০০ দশমিক ৮৫ ডলারে। এক দিনে পতন ০ দশমিক ৩২ শতাংশ, আর সপ্তাহজুড়ে দর কমেছে ১ দশমিক ০৩ শতাংশ।
ন্যাভিগেট কমোডিটিজের ব্যবস্থাপনা পরিচালক আতিলা উইডনেল বলেন, ‘সাম্প্রতিক তথ্য বলছে কিছু ইস্পাত কারখানা উৎপাদন বাড়িয়েছে। কিন্তু চাহিদা না থাকায় এতে লাভ কমছে, খরচও চাপে পড়ছে।
চীনের বন্দরগুলোতে মজুত আকরিক লোহা দাঁড়িয়েছে ১৩৮ দশমিক ৫ মিলিয়ন টনে, যা এক সপ্তাহে বেড়েছে ০ দশমিক ২ শতাংশ। মাইস্টিলের তথ্য বলছে, এই বাড়তি মজুতও দামের ওপর চাপ তৈরি করছে।
এদিকে কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধে নেমেছে চীন। দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে শুল্ক ও কোটা আরোপের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আলোচনার আবেদন জানিয়েছে বেইজিং।
গত মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছিলেন, জুলাইয়ের শেষের আগে চীনে গলানো ইস্পাত মিশ্রিত যেকোনো দেশের ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসবে। কানাডার অভ্যন্তরীণ ইস্পাত শিল্পকে সুরক্ষিত করতে এ উদ্যোগ নেয়া হয়।
Leave a Reply