সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের বাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটতে পারে। ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩৭০ দিরহামের নিচে নামার আভাসে নতুন করে আশাবাদী হচ্ছেন ক্রেতারা। প্রায় ২০ দিন পর এমন সম্ভাবনা দেখা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে দাম উঁচুতে থাকায় যারা অপেক্ষায় ছিলেন, তাদের চোখ এখন বাজারের দিকে। খবর গালফ নিউজ
গত ৩১ জুলাই স্বর্ণের দাম ছিল ৩৬৮.২৫ দিরহাম এবং তার আগের দিন ৩৬৫.২৫ দিরহাম। তখন অনেকে আশা করেছিলেন দাম ৩৬০ দিরহামের কাছাকাছি নামবে। কিন্তু আগস্টজুড়ে দাম স্থির ছিল ৩৭০ দিরহামের ওপরে।
সেপ্টেম্বর ইউএইতে পর্যটক আগমনের মৌসুম এবং বিয়ের গয়না কেনার সময়। তবে এখনো তেমন কেনাকাটা শুরু হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সিরোয়া জুয়েলার্সের পরিচালক রোহান সিরোয়া বলেন, ‘কিছু ক্রেতা শুধু ঘুরে দেখছেন। সবাই অপেক্ষা করছেন দাম আরেকটু কমার।
বিশ্ববাজারেও স্বর্ণের দাম কিছুটা কমেছে। বর্তমানে আউন্সপ্রতি ৩ হাজার ৩১৭ ডলার, যা এক দিনে প্রায় ৩০ ডলার এবং এক মাসে ১০০ ডলার কম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার প্রভাবেই এই পতন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, দাম ৩৬০ দিরহামের নিচে নামলেই বাজারে চাহিদা বাড়বে। এক ব্যবসায়ী বলেন, ‘৩৪০-৩৫০ দিরহাম গ্রামপ্রতি দাম হলে ক্রেতারা গ্রহণযোগ্য মনে করেন, কিন্তু ৩৭০ দিরহামে নয়।
গত ২-৩ বছর ধরে ইউএইতে গয়নার চাহিদা কমার প্রধান কারণই হলো স্বর্ণের উচ্চ দাম। ক্রেতারা এখন শুধুই তাৎক্ষণিক দামের ভিত্তিতে কেনাকাটা করছেন।
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
দেশের স্বর্ণবাজারে টানা বাড়ার পর সামান্য কমলেও দাম রয়ে গেছে রেকর্ড উচ্চতায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২৪ জুলাই স্বর্ণের দর সমন্বয় করে। তখন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ঠিক করা হয় ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এরপর থেকে এ দামে বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।
এর আগে টানা ২ দফায় মোট ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এরমধ্যে গত ২২ জুলাই ভরিতে ১ হাজার ৫০ টাকা ও ২৩ জুলাই ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছিল।
সবশেষ সমন্বয় করা দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ২৯ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৫ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
এদিকে সবশেষ ঘোষণায় স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
Leave a Reply