গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৯ আগস্ট) চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখনো মরদেহের খণ্ডিত মাথার হদিস মেলেনি।
এদিকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অলি মিয়া (৩৬) নামের ওই ব্যক্তি নরসিংদীর বাসিন্দা। পেশায় আজমেরী পরিবহনের হেলপার ছিলেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানার হাজীর বিরিয়ানির দোকানের সামনে সড়কের পাশে দু’টি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই ব্যাগদু’টি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। একপর্যায়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করে।
তবে ওই সময় ট্রাভেল ব্যাগদু’টিতে মরদেহের মাথা পাওয়া যায়নি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
ক্লুলেস এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এখন পর্যন্ত মূল হোতাসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও গ্রেপ্তারদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া মরদেহের বিচ্ছিন্ন মাথাটিও উদ্ধারের চেষ্টা চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply