সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও এপ্রোন দিয়ে বরণ করে নেয়া হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে রেজিস্ট্রেশন কার্যক্রমের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষদীয় ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা এদেশের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে অবদান রাখবে সেজন্য নিজেদেরকে যোগ্য ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে হবে।তোমরা পরিশ্রম করতে শিখ। মনে রাখবে পরিশ্রমের ফল বৃথা যায় না।
তিনি বলেন, বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান বর্তমানে লাইভস্টক ও পোল্ট্রির ভ্যাকসিন উৎপন্ন করে যা দেশের চাহিদার মাত্র দশ শতাংশ। বাকি ৯০ শতাংশ আমাদেরকে আমদানি করতে হয়। এই সেক্টরে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। যদি আমি বেঁচে থাকি এই ভেটেরিনারি অনুষদে আগামী দুই বছরের মধ্যে একটি হলেও ভ্যাকসিন উৎপাদন হবে।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি অনুষদের ডিন ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, কোয়ালিটি ফিড লি. এর (জি.এম.) হেড জব মার্কেটিং ডাঃ মোঃ আব্দুর রহিম সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এবার সিকৃবির ভেটেরিনারি অনুষদের ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে দুটি সেকশন এবং ছয়টি গ্রুপে শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। রোববার (৩ আগস্ট) থেকে নবীন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হবে।
Leave a Reply