দুবাইয়ের গহনার বাজারে গত এক সপ্তাহে স্বর্ণের দাম পড়েছে চোখে পড়ার মতো। মাত্র ৭ দিনের ব্যবধানে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দর কমেছে ১৪ দিরহাম। বিশ্ববাজারের টালমাটাল পরিস্থিতির মধ্যেও এই পতন স্বর্ণ কেনার অপেক্ষায় থাকা ক্রেতাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। ব্যবসায়ীরা বলছেন, দাম আরও কমে গেলে আগস্ট-সেপ্টেম্বরে ক্রয়চাপে মুখর হয়ে উঠতে পারে দুবাইয়ের ঐতিহ্যবাহী গোল্ড সুক।
বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৬৯ দিরহামে, যা আরও কমে ৩৬৫ দিরহামে নেমে আসতে পারে বলে মনে করছেন বিক্রেতারা। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, প্রকৃত ‘ক্রেতা ভিড়’ দেখা যাবে তখনই, যখন দাম ৩৬০ দিরহামের নিচে নেমে আসবে।
বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত স্বর্ণবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর থেকেই বিকেলের দিকে স্বর্ণের দাম হঠাৎ করে নিম্নমুখী হতে শুরু করে।
সর্বশেষ ১০ জুলাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৩৬৯ দিরহামের নিচে। গত সপ্তাহেও এ ধাতুর দাম ছিল ৩৮৩ দিরহাম পর্যন্ত। ফলে এক সপ্তাহে প্রায় ১৪ দিরহামের পতন ক্রেতাদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।
দুবাইয়ের গোল্ড সুকের এক ব্যবসায়ী বলেন, ‘৩৮৩ থেকে ৩৬৯-এ নামা অবশ্যই স্বস্তির বার্তা, তবে আমাদের ধারণা, দাম ৩৫০-৩৫৫ দিরহামের মধ্যে এলে তবেই প্রকৃত বিক্রি বাড়বে।’
তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তের পরই স্বর্ণের দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। মার্চের শেষদিকে ১ আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার প্রতিফলন।
বাজার বিশ্লেষকরা বলছেন, এপ্রিল থেকে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রধান কারণ ছিল মার্কিন শুল্কনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা। এই চাপগুলো হালকা হতে শুরু করেছে। যদি সেপ্টেম্বর নাগাদ এসব উদ্বেগ প্রশমিত হয়, তবে দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেই আশা করছেন ব্যবসায়ীরা।
সেপ্টেম্বর মাসটি দুবাইয়ে পর্যটন মৌসুমের শুরু। এর সঙ্গে বিয়ের মৌসুম এবং উপহার কেনার প্রবণতা যুক্ত হওয়ায় স্বর্ণবিক্রির চাহিদাও বৃদ্ধি পায়।
বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৩১৮ ডলার, যা এক সপ্তাহে ২০ ডলার কমেছে। এপ্রিলের শুরুর দিকে এই দাম ছিল ৩ হাজার ডলারের নিচে।
বিশ্লেষকদের মতে, দাম আরও কমার সম্ভাবনা থাকলেও তা ধীরে ধীরে হবে। কারণ, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গত তিন বছর ধরে প্রতি বছর গড়ে এক হাজার টনের বেশি স্বর্ণ কিনছে। এটি মূলত ডলারের বিকল্প নিরাপদ মুদ্রা সংরক্ষণের প্রবণতার অংশ।
এক ট্রেডিং বিশ্লেষক বলেন, ‘ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডেও বিনিয়োগ বাড়ছে। এর মানে হলো-বিনিয়োগকারীরা নিরাপত্তা খুঁজছেন এবং স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন।’
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের চাহিদা ঐতিহ্যগতভাবেই শারীরিক স্বর্ণ কেন্দ্রিক। বিয়ে, উৎসব ও পারিবারিক সম্পদ হিসেবেই স্বর্ণ কেনার প্রবণতা বেশি। তবে গত কয়েক বছরে ডিজিটাল স্বর্ণ ও ইটিএফ’র জনপ্রিয়তা বাড়ছে।
ডিজিটাল স্বর্ণ প্ল্যাটফর্মে কম দামে স্বর্ণ কেনা সম্ভব (মাত্র ৫ দিরহাম থেকেও শুরু)। এটি অ্যাপের মাধ্যমে কেনাবেচা করা যায় এবং স্বর্ণ সুরক্ষিত ভল্টে সংরক্ষিত থাকে। চাইলে পরে শারীরিক স্বর্ণ হিসেবেও নেয়া যায়। ইটিএপ হলো এমন একটি বিনিয়োগ পদ্ধতি, যা স্বর্ণের বাজারমূল্য অনুসরণ করে। এগুলো স্টক মার্কেটেই কেনাবেচা করা যায়।
সুবিধা
সরাসরি কেনাবেচা, স্টোরে যাওয়ার প্রয়োজন নেই
সংরক্ষণ, লকার ফি নেই
বাজার-মূল্য অনুযায়ী রিয়েল টাইম ট্রেড
শরিয়া সম্মত বিকল্পও রয়েছে
চ্যালেঞ্জ
স্পর্শযোগ্য নয়, উপহার বা ব্যবহার করা যায় না
সাইবার ঝুঁকি ও সীমিত নিয়ন্ত্রণ
কিছু ক্ষেত্রে মূল্য ও স্পট দামের সামান্য পার্থক্য থাকতে পারেবর্তমানে অনেকেই শারীরিক স্বর্ণ ও ডিজিটাল বিকল্প-দুই ক্ষেত্রেই বিনিয়োগ করছেন। বিশেষজ্ঞদের মতে, মোট বিনিয়োগের ৫-১৫ শতাংশ স্বর্ণে রাখা উচিত। তবে তা কোন ফর্মে হবে, তা নির্ভর করে ব্যক্তির পছন্দ ও ঝুঁকির গ্রহণযোগ্যতার ওপর।
অর্থাৎ চাইলেই আপনি গোল্ড সুকে গিয়ে গয়না কিনতে পারেন, আবার স্মার্টফোনে কয়েক ক্লিকেই স্বর্ণে বিনিয়োগ করতে পারেন। দুবাইয়ের বাজার এখন দুই দলের ক্রেতার জন্যই প্রস্তুত।
দেশের বাজারে টানা ২ দফায় বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
Leave a Reply