রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার অন্যতম তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুইজনকে ভোলার চরফ্যাশন থেকে আটক করা হয়। এ মামলার অন্যতম আসামি আকাশকেও গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—মোঃ মোশারফ হোসেন (২৬), মোঃ রিপন ওরফে গিট্টু রিপন (২৪) এবং মোঃ আকাশ (২৮)। তাদের মধ্যে মোশারফ ও রিপনকে ১৮ জুলাই ভোলার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, নিহত আল আমিন একটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। শেরেবাংলা নগরের একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মান্নানকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার সূত্র ধরে শত্রুতার জন্ম নেয়। এর জের ধরেই গত ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তাকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা।
প্রাথমিক তদন্তে উঠে আসে, মোশারফ ছিলেন মূল পরিকল্পনাকারী। রিপন এবং আকাশ তাকে সহযোগিতা করে। আকাশ আল আমিনকে ফোনে ডেকে এনে মোশারফ ও রিপনের কাছে পৌঁছে দেন, এরপরই তার ওপর হামলা চালানো হয়। সামুরাই দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলে হামলাকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ঐদিনই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোশারফ পেশায় একজন রিক্সাচালক। তিনি মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং লীডার, ছিনতাইকারী ও সন্ত্রাসী হিসেবেও পরিচিত। গত এক বছর ধরে রিক্সা চালানোর আড়ালে ছিনতাই, মাদক ব্যবসা, চুরি ও হত্যা এসবে জড়িয়ে পড়ে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়েন। অপর আসামি রিপন রংমিস্ত্রির ছদ্মবেশে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তৃতীয় আসামি আকাশের বিরুদ্ধেও ডাকাতি, চুরি ও মাদকের চারটি মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান চালানো হবে।
Leave a Reply